কখনো সাহসী পুরুষ

মোহাম্মদ সাদিক
উঠোনে তোমার ছায়ায় শ্রমের চিহ্ন
তুমি ক্রোধের বিপরীতে সাহসী যুবক
বলিষ্ট বাহুর নখে ছিন্নভিন্ন
মৃত্তিকা ও মমতার পুরোনো সে ছক

প্রেমিক পুরুষ তোমার পৃথিবী প্রেমিকা
সূর্যের আড়াল থেকে অবাক লালন
বলেন এ আলোর রেখা তোমার সেবিকা
শস্যের সুবাদে করে প্রতিজ্ঞা পালন।

মরমি মাটির গন্ধ শরীরে শিরায়
অসহ অরণ্যের পাশে তুমি ভোর
তুমি তো অপরাজিত হে, নারী বড়োজোর
শাণিত এ শরীর কদাচিৎ পায়

কখনো তৃতীয় বিশ্বে ঝরে কালো রোদ
কখনো বল্লম হাতে কখনো সরোদ।