স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ৩৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও দাখিলসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। ইতোমধ্যে প্রত্যেকটি উপজেলায় সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসগুলোর সূত্রে জানা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) অফিস সূত্রে জানা যায়, এবার জেলার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৪০ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩৯৮ জন। ৩৯টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ও ১২টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। থাকবে পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা বাহিনী। চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিনটি উপজেলায় একটি করে ভিজিলেন্স টিম পরীক্ষা তদারকি করবেন।


