কমরেড অজিত লাল রায় আর নেই

জামালগঞ্জ প্রতিনিধি|| জামালগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায় পরলোক গমন করেছেন। সোমবার সন্ধ্যায় সিলেটস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, কমরেড অজিত লাল রায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য, উদীচী জামালগঞ্জ শাখার সাবেক সভাপতি ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও বেহেলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ জামালগঞ্জের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এছাড়া সমাজের ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় ছিলেন সদা তৎপর।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ ও সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষত রতি রঞ্জন পুরকায়স্থ।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা শোক বিবৃতিতে বলেন, কমরেড অজিত লাল রায় আজীবন বিপ্লবী ক্ষেতমজুর নেতা ছিলেন। তিনি হাওর অঞ্চল তথা সুনামগঞ্জে ভাসান পানিতে মাছ ধরার আন্দোলন সহ গরিব মেহনতি ক্ষেতমজুরদের অধিকার আদায়ের লড়াইয়ের অগ্রসৈনিক ছিলেন। সারাজীবনই মানুষের মুক্তির আন্দোলনের লড়াইকে বেগবান করতে আপ্রাণ চেষ্টা করেছেন।