কমিটি না থাকায় জগন্নাথপুরে ছাত্রলীগের কার্যক্রম ব্যাহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম চলছে ধীর গতিতে। কয়েক বছর ধরে নতুন কমিটি গঠনের দাবি করে আসলেও শুধু আশ্বাসের বাণী শুনানো হচ্ছে কিন্ত আজও কমিটি গঠন হয়নি।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরনের সঙ্গে বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় সাংসদ সদস্যের সঙ্গে আলাপ আলোচনা করে শীঘ্রই ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ২০০৯ সালে তৎকালীন জেলা ছাত্রলীগ সভাপতি তনুজ কান্তি দেব ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী উজ্জলের যৌথ সাক্ষরে মুজিবুর রহমান মুজিবকে সভাপতি এবং কুতুব উদ্দিন জুয়েলকে সাধারণ সম্পাদক করে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন ধরে এ কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০১৫ সালে ২৮ জুলাই উপজেলা ছাত্রলীগের সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সম্মেলন সফল করার লক্ষ্যে উৎসাহ উদ্দীপনায় ধুমধামে প্রচার প্রচারণাও চলছিল। হঠাৎ করে সম্মেলনের দুইদিন পূর্বে জেলা আওয়ামী লীগের কোন্দলের কারণে ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়। এর কয়েক মাস পূর্বে ছাত্রলীগের কমিটি বহাল রেখে শাহ শাহেদকে সভাপতি ও রোমেন আহমদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়। এ কমিটির অনুমোদন করেন জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরন ও সাধারণ সম্পাদক রফিক চৌধুরী।
এ কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে আন্দোলনে নামে ছাত্রলীগ। পরে জগন্নাথপুরের বাসিন্দা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদের হস্তক্ষেপে বিষয়টির নিম্পত্তি ঘটে। এর প্রায় এক বছর পরে ২০১৬ সালের দিকে মুজিবুর রহমান ও কুতুব উদ্দিনের জুয়েলের নেতৃত্বাধীন উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে শাহ শাহেদকে সভাপতি ও      
 রোমেন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়। এর পর থেকে নতুন কমিটিতে স্থান পেতে জোর লবিং শুরু হয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে। বছরের পর বছর  ছাত্রলীগের নেতাকর্মীরা রাতদিন জেলা ছাত্রলীগের দ্বারস্থ হলেও গঠন করা হয়নি কমিটি। শুধু আশ্বাসের বাণী শুনানো হচ্ছে।  
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রলীগ নেতা জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলা ছাত্রলীগের গঠন না থাকায় সংগঠনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিনের পর দিন শুধু আশার বাণী শুনছি আজ না কাল ছাত্রলীগের কমিটি দেয়া হবে কিন্তুু আজও কমিটি ঘোষণা করা হয়নি। আগামী ১১ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। সম্মেলনের আগে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আসছে এমন আভাস পাওয়া যাচ্ছে। নতুন কমিটির পদ পদবীতে স্থান থেকে আবারও  জোর লবিংও শুরু হয়েছে। তবে কমিটি কবে দেয়া হবে কেউ বলতেও পারছেন না। দ্রুত কমিটি গঠন করে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য নেতকর্মীরা দাবী জানিয়েছেন
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ জানান, আমরা এখন জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে ব্যস্ত আছি। জগন্নাথপুরের ছাত্রলীগের কমিটি গঠনের প্রচেষ্টা যতবার নেয়া হয়েছে ততবারই নানা সমস্যা তৈরী হয়েছে। এবার স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী দেশে আসলে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে শীঘ্রই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।