করোনাকালে সম্মুখযোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনাকালে সম্মুখযোদ্ধাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন। গতকাল শনিবার দুপুরে সুনামঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মিলিত হয়ে এই সংহতি ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

অনুষ্ঠানের শুরুতেই করোনায় যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর করোনামোকাবিলা, মানুষদের সেবাদান ও সচেতনতায় ঝূঁকি নিয়ে স্বাস্থ্যবিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিসহ যারা কাজ করছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালি দেওয়া হয়। এরপর তাদের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, লেখক ও গবেষক সুখেন্দু সেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল তুহিন, সুনামগঞ্জ প্রেসক্লাবে সভাপতি পঙ্কজ কান্তি দে, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মনজুর মোর্শেদ, সমাজকর্মী স্বপন কুমার দাশ, চন্দন রায়, অরুণ দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধাারণ সম্পাদক এনাম আহমেদ, ব্যাংক কর্মককর্তা আশরাফ হোসেন হক লিটন, আইনজীবী মাহবুবুল হাসান শাহীন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সৈকত দাস, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, করোনার মহামারিতে ঝুঁকি নিয়ে যাঁরা মানুষদের সেবায় কাজ করছেন তাদের ঋণ শোধ করার মতো নয়। আমরা তাদের প্রতি সংহিত, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। সবার সম্মিলতি চেষ্ঠায় এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে।