স্টাফ রিপোর্টার
অস্বাভাবিক পৌর কর ধার্য করার বিষয়ে আগামী ২৯ আগস্ট জেলা আইনজীবী সমিতি মতবিনিময় সভা আহবান করেছিলেন। আইনজীবীদের সভা আহবানের সংবাদ পেয়ে মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে গিয়ে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল।
জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. মোহাম্মদ সামছুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলীর পরিচালনায় মতবিনিময় সভায় পৌরসভার পক্ষে বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল।
আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য রাখেন অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. স্বপন কুমার দেব, অ্যাড. জহুর আলী, অ্যাড. সত্যব্রত রায় ভুলু, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম, অ্যাড. রোকেস লেইস, অ্যাড. মাসুক আলম, অ্যাড. সামছুল আবেদীন প্রমুখ।
মতবিনিময় সভায় পৌর মেয়র আয়ুব বখত জগলুল পৌরসভার পৌরকর ধার্য সংক্রান্ত নোটিশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে বলে ঘোষণা প্রদান করেন। পরবর্তীতে আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পৌরকর পূন বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।
পৌর মেয়রের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতির উপস্থিত নেতৃবৃন্দ পৌর মেয়র আয়ুব বখত জগলুলকে ধন্যবাদ জানিয়ে আগামী ২৯ আগস্টের মতবিনিময় সভা স্থগিত করেন।


