আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলায় বোরো ফসল রক্ষা বেড়িবাঁধের জরিপ কাজ শেষ হয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) একটিও গঠন হয়নি। গত বছরের তুলনায় এবার কাজের পরিমাণ বেশি হলেও বরাদ্দ কম পাওয়া গেছে।
কৃষক ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, এবার বোরো ফসলরক্ষা হাওরের বেড়িবাঁধ সংস্কার/পূর্ণ সংস্কার/ নির্মাণ কাজের জরিপ কাজ গত ৯ ডিসেম্বর শেষ হয়েছে। গত বছর জগন্নাথপুরে ৩১.৮৪২ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হয়েছিল। যার বরাদ্দ ছিল সাড়ে ৫ কোটি টাকা। এবার কাজ হবে ৪২.৩১০ কিলোমিটার। এই কাজের জন্য বরাদ্দ পাওয়া গেছে তিন কোটি টাকা। যা কাজের তুলনায় কম।
এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে বাঁধের কাজ শুরু হবে। এখন পর্যন্ত একটি কমিটিও হয়নি। তবে কমিটি গঠনের লক্ষ্যে প্রথমবারের মতো স্থানীয়দের অংশগ্রহণে গণশুনানি চলছে। গত বছর ৫০টি প্রকল্প কমিটির মাধমে হাওরের বেড়িবাঁধের কাজ সম্পন্ন হয়েছিল। এদিকে জগন্নাথপুরের কৃষকরা জানিয়েছেন, এবার বোরো ফসল আবাদে অনীহা রয়েছে কৃষকদের মধ্যে। ধানের ন্যায্যমূল্য না পাওয়া, হাওরে জলাবদ্ধতা, পানি নামতে বিলম্বসহ নানা সমস্যায় রয়েছেন কৃষকরা।
জগন্নাথপুরের নলুয়া হাওরপারের কৃষক সুলতান মিয়া জানান, এবার বোরো চাষাবাদে কৃষকদের মধ্যে অনীহা রয়েছে। ধানের ন্যায্যমূল্য না পাওয়া এর প্রধান কারণ। তিনি জানান, এবার হাওরে বন, কচুরিপনাসহ জলাবদ্ধতা প্রকট। জমি আবাদের উপযোগি করে তুলতে খরচ বেশি হবে, সে তুলনায় মূল্য না পাওয়ার শঙ্কা আছে। যে কারণে এবার আবাদ কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
হাওর বাঁচাও আন্দোলন কমিটি জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, আগামী ১৭ ডিসেম্বর হাওরের বাঁধের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত একটি প্রকল্প কমিটিও হয়নি। স্বচ্ছতার মাধ্যমে দ্রুত বাঁধের কাজ শুরু করে যথাসময়ে শেষ করার আহবান জানান তিনি।
জগন্নাথপুর উপজেলা পানি উনন্নয়ন বোর্ড আঞ্চলিক কার্যালয়’র প্রধান কর্মকর্তা উপ প্রকৌশলী হাসান গাজী বলেন, হাওরে অনিয়ম দুর্নীতি রোধে এবার প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে প্রকল্প কমিটি গঠনের কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে বরাদ্দ তিন কোটি টাকা পাওয়া গেছে। আশা করছি, চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করা যাবে।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, যথাসময়ে হাওরের বেড়িবাঁধের কাজ শুরু করা হবে বলে আশা করছি।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান,এবার ২০ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


