বিজয় রায়, ছাতক
বাংলা সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে আছে কঞ্চি বাঁশের তৈরী বাঁশি। নামটি অতি ক্ষুদ্র হলেও আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বাঁশের বাঁশির বিশালতা ও প্রয়োজনীয়তা অফুরন্ত ও অনিস্বীকার্য। পল্লীগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া তথা লোকসংগীতে এ ক্ষুদ্র বাঁশের বাঁশি অলংকারের মতো অঙ্গে জড়িয়ে আছে। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লালন সংগীত, কীর্ত্তন, বাউল সংগীত, জারি, সারি, পালা গানেও যুগ-যুগান্তর ধরে ব্যাপকভাবে বাঁশের বাঁশির ব্যবহার লক্ষণীয়। এছাড়া আদিকাল থেকে মুলি বাঁশের তৈরী এ বাঁশি গ্রাম-বাংলার কাছে একটি অতি প্রিয় বাদ্যযন্ত্র। বাংলার গ্রামীণ পথে-প্রান্তরে, হাঠ-মাঠে-ঘাটে, গোচারণে বেলা-অবেলায় কে না শুনেছে সেই বাঁশির মধুর সুর। বিশেষ করে গোচারণের সময় রাখাল ছেলে তার ক্লান্তি দূর করতে বৃক্ষতলা বা বটমূলের ছায়ায় বসে নিবিড় আনন্দে বাঁশিতে তোলা সেই সুমধুর সুর বাংলার আবাল-বৃদ্ধ-বনিতা কার না মনে দাগ কেটেছে। গ্রাম্য রাখালের অনাবিল আনন্দ মাখা বাঁশির শ্রুতিমধুর সুর কবি-সাহিত্যিকদের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছে-যা কবি-সাহিত্যিকদের লিখনীর মাধ্যমে আবেগ জড়িত হয়ে রচিত হয়েছে কত গান, কবিতা, সাহিত্য ও কল্প-কাহিনী। কত প্রেম-ভালভাসারই না জন্ম দিয়েছে বাংলার এ ক্ষুদ্র বাঁশের বাঁশির পাগল করা সুর। নির্জন যমুনার কুলে—, কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া—, বাঁশি কেন গায়, আমারে কাঁদায়—-, আজো মধুর বাঁশরী বাজে—, রাঙ্গামাটি গানে ল মাদল বাজে বাজে বাঁশের বাশি—, কে দূরন্ত বাজায়, বাঁশের বাঁশি—,বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি—এমন হাজরো গানে কবি, লেখক, গীাতকার বাঁশিকে প্রধান্য দিয়েছেন তাদের রচনায়। বাঁশি, বাশরী, মুরলী, বংশীসহ কত বিশেষণেই না বাঁশিকে বিশেষিত করেছেন কবিরা তার অন্ত নেই। সনাতন ধর্মমতে দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির সুরে মাতোয়ারা করেছিলেন গোলকের শত গোপিনীকে। শ্রী রাধিকা ঘর ছেড়ে ছিলেন কালা(শ্রীকৃষ্ণ)’র বাঁশিতে তোলা পাগল করা সুরের টানে। তখন রাধিকা জলভরা কলসী শূন্য করে যমুনায় গিয়েছিলেন মুরলীধারীর মায়াবী বাঁশির সুরে। দ্বাপর যুগের শ্রীকৃষ্ণের বাঁশিতে তোলা সেই শ্রুতিমধুর সুর এ যুগের কেউ না শুনলেও বাঁশের বাশির আকার-ধরন সেই দ্বাপর যুগের শ্রীকৃষ্ণের বাঁশির মতই রয়েছে। যুগের পরিবর্তনের সাথে গোটা পৃথিবীই যখন আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে কঞ্চি মুলি বাঁশের তৈরী বাঁশির বর্তমান অপরিবর্তিত এ অবস্থান অবাক করার মতো বিষয়। কিন্তু পৃথিবীর সব নতুনত্বের মাঝে বাংলার সেই পুরোনো সেই ছয় ছিদ্রের বা অষ্ট আঙ্গুল বাঁশের জন্ম ধারার এতটুকু পরিবর্তন হয়নি। সৃষ্টিকাল থেকেই যেন বাংলার এ বাঁশির আবশ্যকতা অসীম, অফুরন্ত—ও অক্ষয় হয়ে জন্মেছে। সনাতন শব্দের অর্থের মতই বলা যায়, যা আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও সংস্কৃতির অঙ্গন জুড়ে থাকবে বাঁশের বাঁশির এক ছত্র আধিপত্য। দেশীয় সংগীতের পাশাপাশি এখন পাশ্চাত্যের সংগীতের স্থান করে নিয়েছে বাংলার গর্বিত সম্পদ বাঁশি। হাট-বাজার, মেলাসহ গ্রাম থেকে রাজধানী পর্যন্ত যেখানেই হোক হাত বাড়ালে পাওয়া যাবে এ ক্ষুদ্র বাদ্যযন্ত্রটি। বাঁশি বাজানো একটি শৈল্পিক বিষয়। এসবের সত্যতা প্রমাণ করে দেশের গ্রাম-গঞ্জ ও শহরে-শহরে বাঁশিতে সুর তুলে ঘুরে বেড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার এরশাদ মিয়া, কুমিল্লার জাহাঙ্গির আলমরা। সাইড ব্যাগে বিভিন্ন আকারের কারুকাজ করা রঙ্গিন বাঁশ বোঝাই করে চলছেন বাঁশি প্রেমে আসক্ত হয়ে। বিক্রি হোক আর না হোক আদের পথ চলা বিরতিহীন। মেলা, একজিভিশন, হাট-বাজার ও মহরের আনাচে-কানাচে কোন না কোন দিন দেখা হবেই জাহাঙ্গির আলমদের। এভাবেই ছাতক শহেরে সাক্ষাত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ঝুমনাচর গ্রামের মৃত কাঞ্চন মিয়ার পুত্র বাঁশি প্রেমিক এরশাদ মিয়ার সাথে। তার সাথে বাঁশি প্রসংগ নিয়ে আলাপচারিতায় জানা গেল তিনি কতটা বাঁশি প্রেমে আসক্ত। ছোট বেলা থেকেই তার বাঁশির সাথে জমে উঠে জীবন-মরন প্রেম। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলও মরার বাঁশি তার পিছু ছাড়ছে না। বাকি জীবনটুকু বাঁশি নিয়েই বাঁচতে চানা এরশাদ মিয়া, জাহাঙ্গীর আলমরা।


