কিউই বোলারদের কাছেও মুমিনুল এক বিস্ময়!

সু.খবর ডেস্ক
সতীর্থ তামিম ইকবালের চোখে টেস্টের জন্য আদর্শ খেলোয়াড় মুমিনুল হক। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে এই কথাই বললেন টেস্টে টাইগারদের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক। আর নিউজিল্যান্ডের বোলারদের কাছে ছোটখাট গড়নের মুমিনুল রীতিমত এক বিস্ময় জাগানীয়া নাম। তা স্বীকার করতেও তাদের কোনো সমস্যা নেই। প্রথম ইনিংসে       বৃহস্পতিবার দিনটা বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ১৫৪ রান নিয়ে। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৪০.২ ওভার। তামিম ঝড়ো ফিফটি করেছেন। আর তিন নম্বরে ব্যাট করা ২৫ বছরের মুমিনুল অপরাজিত ৬৪ রানে। বরাবরের মতো নিশ্চিন্ত ব্যাটিং দেখিয়েছেন মুমিনুল। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগের দুই টেস্টে দুটি সেঞ্চুরি করেছিলেন। এই প্রতিপক্ষের বিপক্ষে ১৮৮ গড় ছিল ওয়েলিংটনের প্রথম ইনিংসের আগে। সেটা এখন বেড়ে অবিশ্বাস্য ২২০!
যখন মুমিনুলের দূর্বলতা খুঁজে পান না নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা, তখন তার উচ্চতাকেই টার্গেট করেন। গত বছর কিউইদের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকার করা নেইল ওয়াগনারের হাত থেকে ছুটে আসে বাউন্সার। তখনই একটু অস্বস্তিতে লাগে মুমিনুলকে। মাত্র ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা। কিন্তু এখন পর্যন্ত ইনিংসের একমাত্র অস্বস্তিকর বলটাও টপ এজ হয়ে ছক্কা! মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ছক্কা।
কিভাবে ঠেকাবেন মুমিনুলকে? এই প্রশ্ন ওয়াগনারেরও। তারও বিশ্বাস, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে একটু বেশি ভালো লাগে মুমিনুলের। তা সে বিশ্বের যে প্রান্তেই হোক না কেন! দিনের শেষে উদাহরণ দিয়েই মুমিনুলকে দ্বিতীয় দিনের সকালের প্রধান প্রতিপক্ষ মেনে গেলেন ওয়াগনার, ‘কয়েক বছর আগে ঢাকায় শেষবার যখন তার (মুমিনুল) বিপক্ষে আমি খেলেছিলাম তখনকার চেয়ে পরিস্থিতি কিছু পাল্টেছে বলে আমার মনে হচ্ছে না। সে খুব ভালো ব্যাটার। অনেক ধৈর্য্য দেখিয়েছে।’ ওয়াগনার বলে যান, ‘অবশ্যই তার লড়াই দেখার মতো। কখনো সত্যিকারের সুযোগও আমাদের দেয়নি। আমি নিশ্চিত, আমাদের বিপক্ষে ব্যাট করতে একটু বেশি ভালোবাসে সে।’