স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা রোডে কুশিয়ারা নদীর উপর স্বপ্নের সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হচ্ছে। সেতু নির্মাণের লক্ষে বৃহস্পতিবার দুপুরে সওজের সিলেট জোন অফিসে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড (সিআর২৪বি) ও এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এমবিইএল) এর সাথে চুক্তি সম্পাদিত হয়েছে।
সড়ক জনপথ বিভাগের (সওজ) সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহনেয়াজ ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী আগামী ৩৬ মাস (৩ বছরের) মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করা হবে। চুক্তি অনুযায়ী চায়না ও বাংলাদেশের দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতু নির্মাণ করবে।
সুনামগঞ্জ সওজ সূত্রে জানা যায়, ৮৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর উপর ৭০২ মিটার লম্বা সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণের চুক্তি হওয়ায় খুব দ্রুত কাজ শুরু করবে ঠিকাদারী প্রতিষ্ঠান।
সুনামগঞ্জ সড়ক জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে সওজ কর্তৃপক্ষের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ২০১৯ সালের মধ্যে তারা সেতুর কাজ শেষ করবে। ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকেই মালামাল আনা শুরু করবে।
উল্লেখ্য, সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমাতে এবং জগন্নাথপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কুশিয়ারা নদীর রানীগঞ্জ সেতুর কাজ আগামী সপ্তাহেই শুরু হচ্ছে। সুনামগঞ্জ থেকে ঢাকার দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমাতে এবং প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরবাসীর যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নের লক্ষে ইতিপূর্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের আব্দুর রইছ চত্বর (ডাবর এলাকা) থেকে নবীগঞ্জের ইনাতগঞ্জ পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
অন্যদিকে, ইনাতগঞ্জ থেকে ঢাকা-সিলেট সড়কের আউশকান্দি পর্যন্ত সড়ক রয়েছে আগে থেকেই। এই অবস্থায় ছোট ছোট যানবাহন চলাচলের জন্য গত বছর রানীগঞ্জের কুশিয়ারায় ফেরী চালু করা হয়েছে।
এই সড়ককে সুনামগঞ্জসহ ভাটী অঞ্চলের মানুষের প্রধান সড়ক করার প্রতিশ্রুতি ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের। বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংসদ সদস্য এমএ মান্নানের ছিল একই প্রতিশ্রুতি।
২০১০ সালে স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নানের অনুরোধে সুনামগঞ্জের তাহিরপুরের জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশিয়ারায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৪ সালের ২৫ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী এই সেতুর ১২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন। গত বছর জুন মাসে সেতুর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নেয় দেশী-বিদেশী ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান। অবশেষে যৌথভাবে কাজ পায় চায়নিজ কোম্পানী সিআর ২৪বি এবং বাংলাদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান এমবিইএল।
- দিরাইয়ে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ- সুরঞ্জিতের বিরুদ্ধে মতিউরের বিষোদাগার
- পাহাড়ি ঢলে ফসলী জমিতে বালু ভরাট


