কৃষি ও কৃষকের সমস্যাই মূলত বাংলাদেশের অর্থনীতির মূল সমস্যা। এই বিষয়টিকে পাশ কাটিয়ে যারা বাংলাদেশের উন্নয়ন নিয়ে চিন্তা করবেন নিশ্চিতভাবেই সেটি ভুল হবে। মেরুদণ্ড ছাড়া যেমন পুরো শরীর দাঁড়িয়ে থাকতে পারে না তেমনি কৃষি ছাড়া পলিবাহিত এই গাঙ্গেয় ব-দ্বীপটির অস্তিত্বও কল্পনা করা যায় না। আমরা যতই বৈদেশিক রেমিটেন্স কিংবা গার্মেন্টস খাতের উল্লম্ফন নিয়ে উল্লসিত হই না কেন কৃষি ও কৃষক না বাঁচলে এর সবকিছুই অন্তঃসারশূন্য হয়ে যাবে। অথচ আশ্চর্যের বিষয় হলো আমাদের জাতীয় কর্মপরিকল্পনায় কৃষি খাতটি বরাবরই অবহেলিত ও উপেক্ষিত থেকেছে । একথা অস্বীকার করার উপায় নেই যে, কৃষিতে সেচব্যবস্থা প্রযুক্তকরণসহ উন্নত ও আধুনিক প্রযুক্তি, বীজ এবং সার ব্যবহারের ফলে কৃষি জমির উৎপাদনশীলতা বেড়েছে। এর ফলে দেশের জনসংখ্যা বাড়লেও খাদ্য ঘাটতি দূর করে এখন আমরা খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি। এই কৃতিত্ব বিবেচনায় নিয়েও বলা যায়, এই খাতে আরও ব্যাপক উন্নয়নের সম্ভাবনা ছিল। মনে রাখা দরকার সবকিছুর একটি সর্বোচ্চ সীমা রয়েছে। তেমনি জমির উৎপাদনশীলতা বাড়ারও একটি ঊর্ধ্বসীমা থাকা স্বাভাবিক। ক্রমাগত এটি বাড়ানো যাবে না। কিন্তু দেশে জনসংখ্যা আর খাদ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই চাহিদা বাড়তেই থাকবে। এখন খাদ্য উদ্বৃত্ত হলেও যেকোনো সময় এই অবস্থার অবনমন ঘটতে পারে। কৃষিখাত বিপর্যস্ত হলে অভ্যন্তরীণ আর্থনৈতিক ও সামাজিক অবস্থার কী দুর্দশা হতে পারে অতীত অভিজ্ঞতা থেকে সেটি বুঝতে আমাদের অসুবিধা হয় না। তাই প্রয়োজন ছিল জাতীয় উন্নয়নের শীর্ষে কৃষিকে রেখে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা।
ভাটি অঞ্চলের প্রধান খাদ্যশস্য বোরো ফসলের কাটাই মৌসুম শুরু হয়েছে। একইসাথে শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। প্রতিদিনই অতিবৃষ্টি, শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন নতুন হাওরের ফসল বিনষ্ট করছে। পানি উন্নয়ন বোর্ড জনগণের কষ্টার্জিত করের কোটি কোটি টাকা অপচয় করে যে তথাকথিত ফসলরক্ষা বাঁধ দেয় তার কার্যকারিতা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। যেটুকু কার্যকারিতা বজায় রাখা সম্ভব হতো সেটুকুও পাউবোর সীমাহীন দুর্নীতির কারণে পাওয়া যাচ্ছে না। হাওরে অধিকাংশ বাঁধ ঝুঁকিপূর্ণ। কৃষকরা নিজেরা অনেক বাঁধের ফাটল মেরামত করছেন। এই অবস্থায় হাওরের ফসল রক্ষার অন্যকোন স্থায়িত্বশীল পদ্ধতি রয়েছে কিনা সেটি অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। এ নিয়ে জাতীয় পর্যায়ে কথাবার্তাও হচ্ছে। দেশের খাদ্যভাণ্ডারে উল্লেখযোগ্য অবদান ভাটি অঞ্চলের বোরো ধানের। বিশাল হাওরাঞ্চলকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে না পারলে দীর্ঘমেয়াদে বিপর্যয় অবশ্যম্ভাবী। অর্থনৈতিক চরিত্রের কারণে কৃষকের হাতে এখন কোন জমি নেই। জমির মালিক অনুপস্থিত শহরবাসী ধনী ব্যক্তিরা। প্রকৃত কৃষকরা ওই জমিতে শ্রম খাটিয়ে উপার্জন করেন। কিন্তু কৃষি খাতটি ক্রমাগত লোকসানী হওয়ার কারণে এইখাত অদূর ভবিষ্যতে শ্রমিক সংকটে পতিত হবে। এখনই ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যায় না। ধানের মূল্য কম থাকায় কৃষিখাতটি লাভজনক বিবেচিত না হওয়ায় ভবিষ্যতে অনেক জমি পতিত থেকে যেতে পারে। কৃষি খাতের এই বিপর্যয়গুলো মোকাবিলা করতে সরকারকে এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুবা পাহাড়ি ঢলে যেভাবে হাওর প্লাবিত করছে সেভাবেই আমাদের অর্থনীতি প্লাবিত হবে।
আমরা মনে করি হাওরাঞ্চলের প্রকৃতির উদারতার উপার অনেকাংশে নির্ভরশীল বোরো ফসলকে ঝুঁকিমুক্ত করতে সরকারকে বিশেষভাবে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করে উপযুক্ত সমস্যার পন্থা বের করতে হবে। নতুবা বৃহত্তর ভাটি এলাকার কৃষিসহ ব্যবসা-বাণিজ্য খাত সংকুচিত হবে, মানুষ বিড়ম্বনায় হাবুডুবু খাবে এবং এর অনিবার্য জের পড়বে জাতীয় সামাজিক-আর্থনৈতিক কাঠামোতে। সুতরাং সময় থাকতেই সাধু সাবধান।

