স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরের ফসলহারা কৃষকদের কৃষিঋণ মওকুফ ও এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানানো হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি জানিয়ে লিখিত আবেদন করে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেন রায়, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. শেরেনুর আলী, অধ্যক্ষ রবিউল ইসলাম, সালেহীন চৌধুরী শুভ, রাজু আহমদ, একে কুদরত পাশা, প্রদীপ পাল, সামির পল্লব, ওবায়দুল হক মিলন প্রমুখ।
প্রধামন্ত্রীর কাছে করা লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘হাওর রক্ষা বাঁধ না হওয়ায় গত এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি হাওরের ধান তলিয়ে গেছে। হাওরের ফসলহারা কৃষকেরা এখন নিঃস্ব ও দিশেহারা। সরকারিভাবে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। কিন্তু জেলার বিভিন্ন এলাকায় বেসরকারি সংস্থা (এনজিও) কৃষকদের দেওয়া ঋণের কিস্তি আদায় করছে। ঋণের কিস্তির জন্য ফসলহারা কৃষকদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। সরকারি কৃষি ঋণ আদায় বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে এখনো সেই নির্দেশনা আসেনি। পাশাপাশি এনজিও ঋণের কিস্তি নিয়ে এখন অস্থির ফসলহারা কৃষকেরা। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
আবেদনে সুনামগঞ্জের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ও বেসরকারি সকল প্রকার ঋণ মওকুফ ও এনজিও ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
- জগন্নাথপুরে বিএনপির সভাপতি নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি
- ট্রাফিক পুলিশের উদাসীনতা- শহরে ট্রাক্টরের দাপট কর্মহীন হয়ে পড়ছে ঠেলাগাড়ি শ্রমিকরা


