হাওরে ব্যাপক ফসল হানি, বাঁধনির্মাণে পাউবোর সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু সভা সমাবেশ মানববন্ধন জাতীয় কর্মসূচী পালিত হতে দেখা যাচ্ছে। এই সর্ব কর্মসূচীর আয়োজন করছেন কিছু পেশাজীবি, সামাজিক ও উন্নয়ন সংগঠন। এসব বিচ্ছিন্ন তৎপরতা ও স্থানীয় গণমাধ্যমসমূহের শক্তিশালী অবস্থানের কারণে জেলার ফসল বিপর্যয় ও পাউবোর দুর্নীতির বিষয়টি সর্বসমক্ষে উন্মোচিত হয়েছে। জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিটিও ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, কৃষকদের এত বড় দুর্যোগে কৃষক সংগঠনগুলোর তেমন কোন কর্মসূচী নেই। দেশের ছোট-বড় সকল রাজনৈতিক দলের কৃষক সংগঠন রয়েছে। এসব সংগঠনের ইউনিয়ন-গ্রাম পর্যায়ে জালের মতো ছড়ানো শাখা-প্রশাখাও রয়েছে। কমিটিকেন্দ্রীক প্রতিযোগিতা, তৎপরতাও সবল। কিন্তু যখন কৃষক সংগঠনগুলোর কৃষক ও কৃষির স্বার্থে ভূমিকা রাখার প্রকৃষ্ট সময় তখনই তারা নিরবতার চাদরে নিজেদের আড়াল করে রাখলেন। এর কারণ আমাদের বোধগম্য নয়। তবে এতে সংশ্লিষ্ট কৃষক সংগঠনগুলোর রাজনৈতিক দেওলিয়াত্ব যে প্রকটিত হচ্ছে তাতে কোন সন্দেহ নেই। বৃহস্পতিবার জেলা সদরে কয়েকটি উন্নয়নসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান প্রধান কৃষক সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিতে দেখা গেছে। তাহলে কি আমরা ধরে নিব কৃষক সংগঠনগুলো কৃষি সমস্যার বিষয়ে ইতিকর্তব্য¡ সামাজিক, পেশাজীবী ও উন্নয়ন সংগঠনগুলোর উপর ছেড়ে দিয়ে নিজেরা শোভাবর্ধক অতিথির জায়গাই থাকতে পছন্দ করছেন?
সাম্প্রতিককালে নানা ইস্যুতে রাজনৈতিক দলের তৎপরতার চাইতে বিভিন্ন এনজিও’র রাজপথকেন্দ্রীক তৎপরতা বেশি রকম দৃষ্টিগোচর হচ্ছে। রাজনৈতিক দল এবং এর বিভিন্ন সেক্টরভিত্তিক অঙ্গ সংগঠনগুলো জনগণের সমস্যাভিত্তিক আন্দোলন-কর্মসূচীর পরিবর্তে বিভিন্ন কমিটির নেতৃত্বে কাকে বসাবেন কাকে বাদ দিবেন এমন কাজেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ অবস্থায় রাজনৈতিক দলের দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে অন্য একটি শক্তির দখলে যে রকম চলে যাচ্ছে তাতে ভবিষ্যতে রাজনৈতিকদলের সামাজিক উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠবে, এরকমটি বলা অত্যুক্তি হবে না। এই অবস্থা না দেশের জন্য না জনগণের জন্য না রাজনৈতিক দলের জন্য, কারও জন্যই ভাল ফল বয়ে আনবে না।
রাজনীতি এখন গণকল্যাণমুখী চরিত্র হারিয়ে ক্রমশ বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এর প্রতিক্রিয়ায় জনগণ নিজেদের সমস্যা সংকটে কোন দলকে পাশে পাচ্ছেন না। এই শূন্যতা পূরণে যেসব শক্তি এগিয়ে আসছে তারা চূড়ান্ত অর্থে এ্র ম্যান্ডেটপ্রাপ্ত নয়। রাজনৈতিক দলের এমন নিষ্ক্রিয়তার কারণে সমাজে মাথাচাড়া দিচ্ছে নানা ব্যাধি। আজ দেশজুরে দুর্নীতির যে ভয়াবহ বিস্তার, নিরাপত্তাহীনতার যে শঙ্কা, মানুষের অধিকার হারানোর যে চিত্র, আদর্শিক বিভ্রান্তির যে চোরাগলি প্রগতির শক্তিকে গিলে খেতে উদ্যতা ফনা তুলে আছে, তার সবকিছুর মূলে রয়েছে সমাজকে রাজনীতিবিযুক্ত করার সর্বনাশা পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায় আমাদের সোনার দেশটি কিছু লুটেরার অভয়ারণ্যে পরিণত হতে চলেছে। এ অবস্থা থেকে উত্তরণ আবশ্যক। রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে এই সুকঠিন দায়িত্ব। দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রাণপন চেষ্টা করছে প্রতিক্রিয়ার গ-ি ভেঙে দেশকে সুস্থ ধারায় পরিচালিত করার। কিন্তু বাইরের অপশক্তির শক্তিশালী বাঁধা তো তাদের মোকাবিলা করতে হচ্ছেই উপরন্তু নিজ দলের নানা পর্যায়ের অসহযোগিতা ও আদর্শহীন কর্মকা-ও দলটিকে বিপর্যস্থ করছে।
আমরা চাই সুনামগঞ্জের ফসল হানি ও বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি, কৃষি বিভাগের ভুল ও মনগড়া ক্ষয়ক্ষতির তথ্য উপস্থাপনের বিরুদ্ধে মূল ধারার রাজনৈতিক দল ও কৃষক সংগঠনগুলো সোচ্চার হোক। তারা সোচ্চার হলে অপরাপর পেশাজীবী, সামাজিক ও উন্নয়ন সংগঠনগুলোও উৎসাহিত হবে।

