স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের আগে সুনামগঞ্জের পূর্ণাঙ্গ জেলা কমিটি কেন্দ্রীয় দায়িত্বশীলদের হাতে তুলে দিতে পারছেন না জেলার দায়িত্বশীলরা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই এমন ইঙ্গিত করেছেন। এদিকে, শনিবার রাতে গণভবনে গিয়ে সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের ২৯ টি জেলায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাকী রয়েছে। এই জেলাগুলোর বেশিরভাগই কেন্দ্রীয় সম্মেলনের আগে কমিটি দিতে পারছে না। এর মধ্যে সুনামগঞ্জ জেলাও রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বও কমিটি জমা দেবার জন্য চাপাচাপি করছেন না। কেবল কাউন্সিলার ও পর্যবেক্ষকদের তালিকা জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন, ‘আমরা কমিটি এখনো জমা দিতে পারিনি। দ্রুতই জমা দেবার চেষ্টা করা হচ্ছে’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘শুনেছি ২৯ টি জেলায় এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। আমরাও কেন্দ্রীয় কাউন্সিলের আগে হয়তো পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় নেতৃত্বের হাতে দিতে পারবো না’।
ওদিকে, শনিবার রাত সাড়ে ৮ টায় গণভবনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে মতিউর রহমান ও ব্যারিস্টার ইমন আলাদা আলাদাভাবে দেখা করতে যান। এ সময় কাকতালীয়ভাবে ওয়েটিং রুমে দুজনেরই দেখা হয় এবং সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দুই জনই এক সঙ্গে কথা বলেন।
মতিউর রহমান এবং ব্যারিস্টার ইমন দুজনেই সৈয়দ আশরাফের সামনেই পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রসঙ্গে একে অপরকে দোষারোপ করেন।
ব্যারিস্টার ইমন বলেন, ‘নালিশ নয়, হাসাহাসি করেই আমি সাধারণ সম্পাদক সাহেবকে (সৈয়দ আশরাফ) বলেছি, চাচা আমাকে নিয়ে বসছেন না, এজন্য কমিটি দেওয়া যাচ্ছে না। সৈয়দ আশরাফ এসময় বলেছেন আপনারা বসুন, ঐকমত্যের ভিত্তিতে কমিটি দেন’। এই কথোপকথনের সময় কেন্দ্রীয় নেতা বাহাউদ্দিন নাসিমও ছিলেন।
মতিউর রহমান বলেন, ‘আমি বলেছি, সে (ব্যারিস্টার ইমন) যে রকম চালাক তার সঙ্গে আমার পারার মতো নয়। বাহাউদ্দিন নাসিমও এসময় হেসে হেসে বলেন, আপনি তাকে নিয়ে বসুন। আমি বলেছি আপনারা বসুন, আমি পারছি না’।


