কেন্দ্রীয় নেতা হানিফের উপস্থিতিতে ঢাকায় বৈঠক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ আওয়ামী লীগের উপজেলা ইউনিটগুলোর সম্মেলন হবে জানুয়ারিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই তথ্য জানিয়েছেন। এদিকে, রাজধানীতে মঙ্গলবার বিকালে মাহবুবুল আলম হানিফের ব্যক্তিগত অফিসে অনুষ্ঠিত বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান যান নি।
সুনামগঞ্জের ১২ ইউনিটে আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ নিয়ে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠনের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল আলম হানিফ তাঁর গুলশানের পুলিশ প্লাজার অফিসে সুনামগঞ্জের সংসদ সদস্যগণ এবং জেলা কমিটির সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠকে বসেন।
এসময় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলার বিভিন্ন ইউনিটগুলোর সম্মেলন আগামী জানুয়ারিতে করার সিদ্ধান্ত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জানান, জানুয়ারিতে ইউনিট সম্মেলন হবে। আপাতত সম্মেলন প্রস্তুতি কমিটি কাজ করবে।
বৈঠক শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই প্রতিবেদককে জানান, সুনামগঞ্জের বিভিন্ন ইউনিটের সম্মেলন নিয়ে আরও বৈঠক হবে। উপজেলা সম্মেলন জানুয়ারিতে হবে এবং তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে বিকাল ৩ টায় জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান জানান, তিনি সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন মাহবুবুল আলম হানিফকে। তার (মোয়াজ্জেম হোসেন রতন) আচরন অসৌজন্যমূলক। এ বিষয়ে তিনি সোমবার রাতে কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফের সঙ্গেও কথা বলেছেন। হানিফ বলেছিলেন, মধ্যনগরের কমিটি
নিয়ে আলোচনা করবেন। তিনি তাঁকে জানিয়েছেন, কমিটি গঠনতন্ত্র মোতাবেকই হয়েছে।