স্টাফ রিপোর্টার
বহু আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কের পর ভাষা শহীদদের স্মরণে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠের উত্তরদিকের ভূমিতে এই শহীদ মিনার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে স্থান নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন তিনি। জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
শহরের ডিএস রোডের বর্তমান শহীদ মিনারটি থাকবে কি না, সেটির কি করা হবে এমন এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন,‘ডিএস রোডের শহীদ মিনার থাকবে, সেটির সংস্কার ও আধুনিকায়ন করা হবে।’
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের সহকারি প্রকৌশলী প্রণব রায় চৌধুরী জানান, শহীদ মিনার নির্মাণের জায়গা নির্ধারণ করা হয়েছে। এখন নির্মাণ কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, জেলা পরিষদের অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া নিয়েছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণ শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর ও স্থাপন করা হয়েছিল। পরে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার স্থাপনে প্রতিবাদ জানায় বিদ্যালয়ের ছাত্ররা। এক পর্যায়ে শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর গুড়িয়ে দেয় উত্তেজিত ছাত্ররা। পরে শহীদ মিনার মির্মাণে জেলা পরিষদ দরপত্র আহবান করে। কিন্তু স্থান নির্ধারণে জটিলতা থাকায় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হচ্ছিল না। সম্প্রতি জেলা প্রশাসন রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের উত্তর দিকের ভূমিতে এই শহীদ মিনার নির্মাণ করা হবে।
- হাওর পাড়ের শিক্ষা ব্যবস্থা-জামালগঞ্জের বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ
- আ.লীগে একাধিক বিদ্রোহী প্রার্থী


