কে এই আরিফ?

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারের জালালপুরের সৌদি প্রবাসী’র বাড়িতে রাত ১১ টায় মিষ্টি, রস মালাই, জুসসহ নানা খাদ্যদ্রব্য নিয়ে হাজির হওয়া আরিফ নামের ঐ যুবক কে ? ঐ বাড়িতে কেনই বা গিয়েছিল সে ? ঘটনার পর সে গেল কোথায়? এই যুবককে নিয়েই সকল রহস্য সৃষ্টি হয়েছে।
আরিফ নামের ঐ যুবকের নেওয়া খাদ্যদ্রব্য খেয়েই ঐ বাড়ির ৬ সদস্য অচেতন হয়ে পড়েন এবং পরের সকল ঘটনা তখনই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাসী আব্দুল     হাসিমের শিশু পুত্র রাব্বি বলেছে, ‘মামার নাম জানি না, রাত ১১ টায় তিনি আমাদের বাড়ি আসেন, আম্মা বলেছেন টেংরাটিলায় তার বাড়ি, ঐ সময় বাড়িতে যেতে পারবেন না, এজন্য বাড়িতে থাকবেন। তার নেওয়া রসমালাই, মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরই আমরা ঘুমিয়ে পড়ি, পরে আর কিছুই বলতে পারি না, সকালে মামাকে দেখিনি। রাতে আমরা দুই ভাই এক কক্ষে, চাচা (নাছির উদ্দিন), ফুফা (আব্দুল লতিফ) আরেক কক্ষে, আম্মা আরেক কক্ষে ঘুমিয়ে ছিলেন, এর বেশি কিছুই বলতে পারি না আমি’।
আব্দুল হাসিমের ভাই নাছির উদ্দিন বলেন,‘ভাবি’র পরিচিত এই যুবককে আমি চিনি না, ভাবি ছাড়া তার পরিচয় কেউ বলতে পারবে না’।
আব্দুল হাসিমের বোনের জামাই আব্দুল লতিফ বলেন,‘আমি বছরে একদিন শ্বশুরবাড়ি যাই, ভাবি’র ঐ আত্মীয়কে আগেও দেখিনি চিনিও না’।
হাসপাতালের বেডে থাকা অসুস্থ রেজিয়া পারভিন বলেন,‘ঐ যুবকের নাম আরিফ, আমার পরিচিত, বাড়ি-সুনামগঞ্জ শহরে’। কোন পাড়ায় জানতে চাইলে তিনি জানাতে পারেন নি।