কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা ১০-এ হাফেজ রায়হান

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের হাফেজ মুহাম্মদ রায়হানুল ইসলাম পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় সেরা ১০ এ উত্তীর্ণ হয়েছে। বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হিফজুল কোরআন ভিত্তিক জাতীয় পর্যায়ের রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এবারের বাছাইপর্বে তৃতীয় ও চতুর্থ রাউন্ডে পর পর দুই বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ১০-এ স্থান করে নেয় সে। হাফেজ রায়হান ঢাকা রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী।
জানা যায়, হাফেজ রায়হান তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মৌলভী ক্বারী ফখর উদ্দিনের ছেলে এবং শ্রীপুর (উত্তর) ইউনিয়নের গোলকপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিমানবাহিনী কর্মকর্তা মরহুম মাস্টার ছমির উদ্দিনের নাতি। নানার বাড়িতেই জন্ম ও বেড়ে ওঠা রায়হানের। তার বাবা মৌলভী ক্বারী ফখর উদ্দিন সুনামগঞ্জ সদর হাসপাতাল মসজিদের একজন ইমাম। তারা ৩ ভাই ২ বোন। বড় ভাই মুহাইমিনুল ইসলাম ও ছোট ভাই মুহসিনুল ইসলামও মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ। হাফেজ রায়হান বর্তমানে মা বাবার সাথে সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসায় থাকে। রায়হানের উজ্জ্বল ও ভবিষ্যত কামনায় তার পরিবার সুনামগঞ্জবাসী সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।