কোরবানীর মাংস নিয়ে ঘরে ফিরতে পারলেন না সায়েরা বেগম

ছাতক প্রতিনিধি
ছাতকে কোরবানীর মাংস নিয়ে বৃদ্ধা সায়েরা বেগম (৬৫)’র ঘরে ফেরা হলো না। ঘাতক বাস নিভিয়ে দেয় বৃদ্ধার জীবন প্রদীপ। ঘটনাটি ঘটেছে ঈদের দিন দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পেট্রোল পাম্প এলাকায়। সায়েরা বেগম গোবিন্দগঞ্জ রেল লাইন সংলগ্ন রেলওয়ে বস্তির বাসিন্দা মৃত আলিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি দ্রুত গতির বাস (নং-ঢাকা মেট্রো জ-০৪-০৮৫১)
গোবিন্দগঞ্জ পেট্রোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া বৃদ্ধা সায়েরা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সায়েরা বেগম বুড়াইরগাঁও গ্রামের বিভিন্ন বাড়ি থেকে কোরবানীর মাংস সংগ্রহ করে নিজ ঘরে ফিরছিলেন। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।