স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘সংসদ সদস্য থাকা অবস্থায়ই সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কোন গ্রাম বিদ্যুতায়নের বাইরে থাকবে না। যে ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সংযোগ নেই সময়ের ব্যবধানে সেই সকল ইউনিয়নকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের দুর্নীতি-লুটপাট সহ্য করা হবে না। সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে কি না, কেউ আত্মসাত করছে কি না, তার প্রতিকার করার জন্য এলাকাবাসীকে
পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। শুধু মাত্র বিদ্যুৎতের আলোয় আলোকিত হলে চলবে না। পাশাপাশি আমাদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আরোকিত করতে হবে।’
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোনীত হওয়ায় মহিলা জাতীয় পার্টির আয়োজনে শুক্রবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার কাচিরগাতি গ্রামে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
মাও. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, শিক্ষক মোজ্জামেল হক, মাওলানা নুরুল ইসলাম, মহিলা জাতীয় পার্টির সভাপতি কবিতা আক্তার, জাতীয় পার্টি নেতা এরশাদ আহমদ, মো.সাজ্জাদুর রহমান প্রমুখ।


