ক্ষতিগ্রস্ত ১৬’শ হেক্টর আমন জমি

স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক ও দোয়াবাজার উপজেলার প্রায় ১৬০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি হলেও রবিবার রাতে সবচেয়ে বেশি জমি তলিয়েছে।
সোমবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। তবে স্থানীয় কৃষকদের দাবি তলিয়ে যাওয়া ফসলী জমির পরিমাণ আরো অনেক বেশী হবে।
তলিয়ে যাওয়া ফসলী জমির মধ্যে রোপা আমন বীজতলা, রোপা আমান আবাদকৃত জমি, আউশ আবাদকৃত জমি ও বিভিন্ন জাতের সবজী রয়েছে।     তবে এখনও ফসলী জমির ক্ষয়-ক্ষতির হিসাব নিরুপন করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, রোপা আমন বীজতলা তলিয়ে গেছে ৫৪১ হেক্টর, রোপা আমন আবাদ তলিয়েছে ২৫৫ হেক্টর, আউশ আবাদ তলিয়েছে ৫৩০ হেক্টর, সবজী তলিয়েছে ২১৫ হেক্টর। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলী জমি তলিয়ে যাওয়ার পরিমাণ বাড়ছে।
জানা গেছে,  গত বৃহস্পতিবার ফসলী জমি তলিয়ে যাওয়ার পরিমাণ ছিল মাত্র ৩৩১ হেক্টর, শনিবার ছিল ৩৬৫ হেক্টর, রবিবার তা বেড়ে গিয়ে হয়েছিল ৬৮৫ হেক্টর। কিন্তু রবিবারের এক রাতেই তলিয়ে যাওয়ার পরিমাণ আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়ে সোমবার বেলা ১১ টা পর্যন্ত দাঁড়িয়েছে ১৫৪১ হেক্টর।
সবচেয়ে বেশী ফসলী জমি তলিয়েছে দোয়াবাজার উপজেলায়। সবচেয়ে বেশী সবজী তলিয়েছে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায়। অন্যান্য উপজেলার রোপা আমন আউশ ধান তলিয়েছে।
বিভিন্ন এলাকার কৃষকরা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে পাহাড় থেকে ঢলের পানি গড়িয়ে নদীপথে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে রোপা আমন, আউশ ও সবজী ক্ষেত তলিয়ে গেছে। যেসব ফসল ও সবজী পানির নিচে তলিয়ে গেছে তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।  পাহাড়ি ঢলের পানিতে পলি মাটি থাকায় ফসল ও সবজীর উপর স্তর পড়ে যাচ্ছে। তাই এসব ফসল ও সবজী পানির নিচ থেকে ভাসা থাকলেও কোনভাবে এ থেকে ফসল পাওয়া যাবে না। নতুন করে আবার ধান চাষের ব্যবস্থা করতে হবে। সবজীও নতুন করে ফলাতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘বৃষ্টিপাত এক নাগাড়ে হওয়ায়  ও পাহাড় থেকে পানি নেমে আসার ফলে জেলার ৬টি উপজেলায় অনেক ফসল ও সবজী তলিয়ে গেছে। পানি দ্রুত নেমে গেলে রোপা আমন ও আউশ ধানের তেমন ক্ষতি হবে না। তবে বীজতলা ও সবজীর ব্যাপক ক্ষতি হবে। বীজতলা অর্ধেক নষ্ট হয়ে যেতে পারে, তবে সবজী পুরোটাই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
তলিয়ে যাওয়া ফসল জমি ও সবজীর ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘ প্রতিদিনই পানিতে বিভিন্ন এলাকার ফসল ও সবজী তলিয়ে যাচ্ছে। পানি না কমলে কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়। জমি থেকে পানি সরে যাওয়ার পর পরই ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করা হবে। নদীর পানি না কমলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে জানান তিনি। ’