সু.খবর ডেস্ক
শাসকগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ‘অপচেষ্টা’ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারী জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রীয়ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।’
ক্ষমতাসীনদের ‘এমন প্রচেষ্টার’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অতীত ইতিহাস ভুলে গেলেও আওয়ামী লীগ অন্তত এটুকু অনুধাবন করতে পারছে যে, জনগণের ওপর অত্যাচার নিপীড়ণের মাত্রা বৃদ্ধির কারণে এবার ক্ষমতা হারালে আগামীতে ক্ষমতায় আসার সুযোগ অত্যন্ত ক্ষীণ। এই চিন্তা মাথায় রেখেই বর্তমান শাসকগোষ্ঠী এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘তারই ধারাবাহিকতায় খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে গ্রেফতার করা হয়েছে।’
শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘অতীত ইতিহাস সাক্ষ্য দেয়— জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নিপীড়ন নির্যাতন চালিয়ে কোন স্বৈরশাসকই রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়নি।’
বিবৃতিতে মির্জা ফখরুল খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল আলমকে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
- বিএইচআরসি‘র ইউরোপিয়ান ইউনিয়নের এম্বেসেডর মোহাম্মদ সহিদুর রহমান
- সুনামগঞ্জ কালচারাল ফোরাম’র ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু আজ


