আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও এতদিন অভ্যন্তরীণ বাজারে এর দাম কমানো হয়নি। সবমহল থেকে দাবি ছিল আন্তর্জাতিক বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে সবধরনের জ্বালানীর দাম কমানোর। সরকার অবশেষে রবিবার মধ্যরাত থেকে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মূল্য হ্রাস করেছেন। দেরিতে হলেও সরকার একটি ভাল সিদ্ধান্ত নিয়েছেন। জ্বালানী তেলের দাম কমানোয় সংগত কারণেই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ার কথা। জ্বালানী তেল নির্ভর সেবা ও উৎপাদনখাতে এর প্রভাব পড়ার কথা। যানবাহনের ভাড়াসহ বিভিন্ন পণ্যমূল্য হ্রাস পাওয়া অর্থনীতির নিয়মে প্রত্যাশিত। কিন্তু আমাদের অভ্যন্তরীণ বাজারে এই মূল্যহ্রাসের প্রভাব কতোটা ইতিবাচকভাবে প্রতিফলিত হয় তা দেখার বিষয়। তবে এক্ষেত্রে সরকারি নজরদারি অব্যাহত না থাকলে ফলাফল পাওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে যাবে। আমরা এজন্য সরকারের প্রতি আহ্বান জানাই যেসব খাতে উৎপাদন ও পরিচালনা ব্যয় হ্রাস পাচ্ছে সেইসব খাতে যেন সেবা ও পণ্যের মূল্য হ্রাস পায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য।
ডিজিটাল বাংলাদেশে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য ও জনসাধারণের নাগালের মধ্যে আনার জন্য একটি নির্দিষ্ট নাম্বারে (১৬২৬৩) কল করে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরকারের এই উদ্যোগও প্রশংসনীয়। তৃণমূলে ইন্টারনেটভিত্তিক সেবা সম্প্রসারণের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সত্যিকার অর্থে যদি কলিং নম্বরকে এমনভাবে কার্যকর করা হয় যাতে কল করা মাত্র সেবাগ্রহীতা সহজে পরামর্শ পান তাহলে ব্যবস্থাটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে। আর কল করে যদি নো রিপ্লাই অবস্থা হয় তাহলে এটি জনগণের প্রতি পরিহাসরূপেই বিবেচিত হবে।
সরকার ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণ করে মে মাস থেকে বোরো মৌসুমের সরকারি খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচী ঘোষণা করেছেন। আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, সরকারের এই কল্যাণ ও কৃষিবান্ধব কর্মসূচীর কোন সুফল কখনও কৃষকরা পান না। বরং দুর্নীতিবাজ খাদ্য কর্মকর্তাদের সহায়তায় মধ্যসত্বভোগী ও মিল মালিকরাই এর শতভাগ সুবিধা চেটেপুটে খায়। কৃষককে তার ঘামঝরানো ফসল স্বল্পমূল্যে বিক্রি করতে হয়। প্রতিবছর সরকারের এই কর্মসূচীটি কৃষকদের স্বার্থে পরিচালনা করার জন্য গণমাধ্যম সোচ্চার ভূমিকা রাখলেও কার্যত কোন কাজ হয় না। এবার আমরা এই কর্মসূচীটি কৃষকদের স্বার্থে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বায়োমেট্রিক সিম নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। এই সময়ের মধ্যে যারা সিম নিবন্ধন করতে ব্যর্থ হবেন ১ মে তাদের অনিবন্ধিত সিম তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে বিটিআরসি জানিয়েছে। বর্তমান মন্ত্রীসভার একজন কাজপাগল ব্যক্তি তারানা হালিমের ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সকল মোবাইল সিম নিবন্ধন করার উদ্যোগটি প্রশংসনীয়। ১ মে তিন ঘণ্টার জন্য অনিবন্ধিত সিম অচল করে রাখার বিষয়টি প্রতীকী। সরকার এর মাধ্যমে ষংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তা দিতে চাচ্ছেন যে, বর্ধিত সময়ের মধ্যে যদি সিমটি নিবন্ধন করা না হয় তাহলে সিমটি চিরতরে বন্ধ করে দেয়া হবে। মোবাইল মাধ্যমে প্রতারণা ও অপরাধ দূর করার জন্য সরকারের এই উদ্যোগ সমর্থনযোগ্য। যারা নিজেদের সিম এখনও রেজিস্ট্র করেননি তাদেরকে অবিলম্বে নিকটস্থ রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে সিম নিবন্ধন করার জন্য আমরা আহ্বান জানাই।
সরকার জনগণের কল্যাণে প্রতিনিয়ত নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের উপর নির্ভর করে জনগণ এর মাধ্যমে কতটুকু উপকৃত হচ্ছেন। তাই বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত মাঠপর্যায়ের ব্যক্তিদের আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার উপর আসলে নির্ভর করে সবকিছু। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী তৃণমূলের দায়িত্বপ্রাপ্তদের প্রতি তাই আমাদের অনুরোধ, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচীগুলো জনগণের জন্য সুলভ করে তুলুন।
- ভোট বিশ্লেষণ-২৬ ইউনিয়নের ১৯ টিতে আ.লীগ প্রার্থীর পরাজয় ‘মনোনয়ন বাণিজ্যে চপেটাঘাত হয়েছে’
- তাহিরপুরে মাতালের কারাদণ্ড

