খণ্ড উপখণ্ডে বিভক্ত জেলা ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি
খণ্ড উপখণ্ডে বিভক্ত হয়ে পড়েছে জেলা ছাত্রলীগ। সংগঠনের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে নয়ভাগে বিভক্ত হয়ে। জেলায় সংগঠনটির এই অবস্থার জন্য কেউ কেউ ছাত্রলীগের বর্তমান জেলা নেতৃত্বকে দায়ী করেছেন। আবার দায়িত্বশীলরা বলেছেন,‘গণ সংগঠনের নেতাদের সমন্বয় না থাকায়, সংগঠনে গ্রুপ-উপগ্রুপ হয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে।’
২০১০ সালের অক্টোবরে সভাপতি ও সম্পাদকসহ ১০ জনের পদবি উল্লেখ করে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়। কমিটি ঘোষণার পর ছাত্রলীগের পদবঞ্চিতরা মিছিল-সমাবেশ বিক্ষোভ করলেও শেষ পর্যন্ত ঐ কমিটির নেতৃত্বেই ছাত্র লীগের কার্যক্রম চলতে থাকে। তবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতানৈক্য ছিল দীর্ঘদিন। অবশ্য, ২০১৩ সালের ১৪ এপ্রিল জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী ঐক্যবদ্ধভাবে জেলা ছাত্রলীগের ১৭১ সদস্যের কমিটি গঠন করেন। এই কমিটি নিয়েও বিভ্রান্তি রয়েছে।
জেলা ছাত্রলীগের একাধিক নেতা বলেছেন,‘১৭১ সদস্যের জেলা কমিটির তালিকা কখনই কোন গণমাধ্যমে প্রকাশ হয়নি। কারা কারা কমিটিতে আছে, এটি অস্পষ্ট’।
বুধবার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের বিষয়টি ছিল অনেকটা হাস্যকর। যে যেখানে পারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান করেছে। বেশিরভাগ অনুষ্ঠানের ব্যানারে ছিল জেলা ছাত্রলীগের কর্মসূচি। সংগঠনের জেলা সভাপতি ফজলে রাব্বী স্মরণের নেতৃত্বে পুরাতন বাসস্টেশন থেকে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে উকিলপাড়া থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বের হয়। জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ উল আলমের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে কর্মসূচি পালন হয়েছে।
জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার উদ্যোগে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের বাসভবনে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুলের সভাপতিত্বে ও     
জেলা ছাত্রলীগ নেতা দীপংকর কান্তি দে’র পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শহরের রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে। শহরে ময়নার পয়েন্ট এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনার সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু, সহ-সম্পাদক নাজমুল হক কিরণ, জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল এখানে নেতৃত্ব দেন।
জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে শহরের কালীবাড়ি এলাকায় কর্মসূচি পালন হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে’র নেতৃত্বে রমিজ বিপণির কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজনের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়।
ভিন্ন ভিন্ন এসব কর্মসূচি প্রসঙ্গে সকল গ্রুপ-উপগ্রুপের নেতাদের সঙ্গেই কথা বলার চেষ্টা করা হয়। অনেকে মুঠোফোন রিসিভ না করায় কথা বলা যায়নি।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন বলেন,‘জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের অনৈক্য ও ব্যর্থতার কারণেই সংগঠনটি ক্ষত-বিক্ষত ও দুর্বল হয়ে পড়েছে’।
জেলা ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ঈশতিয়াক আলম পিয়াল বলেন,‘জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে নেতৃত্ব পেতে আগ্রহীরা মূলত আলাদা কর্মসূচি পালন করেছে’।
জেলা ছাত্র লীগের সহসভাপতি আরিফুল আলম বলেন,‘৭ বছর হয়েছে জেলা ছাত্রলীগের কমিটি। একদিনও কমিটির সভা বা বর্ধিত সভা ডাকা হয়নি। সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নতুন কমিটি করতে হবে’।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন,‘সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য কেউ ছাত্রলীগের গ্রুপ দাবি করতে পারে না। সভাপতি এবং আমি প্রতিযোগিতা করে আলাদা আয়োজন করেছি। সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সুশৃঙ্খভাবে কর্মসূচি পালনের জন্য। জেলা ছাত্রলীগের সমালোচনা যারা করছে, তারা কমিটির শুরু থেকেই করে আসছে। কেবল ছাত্রলীগের বিভক্তির জন্যই গ্রুপ-উপগ্রুপ নয়, সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়হীনতার জন্যই এতো গ্রুপ-উপগ্রুপ হয়েছে’।
জেলা ছাত্রলীগের এমন করুণ অবস্থা প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের বক্তব্য জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত দুই নেতাই মুঠোফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
অবশ্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আরেকজন সম্পাদক বলেন,‘আমি যেহেতু সুনামগঞ্জ জেলার দায়িত্বে নই তাই আমার নাম উদ্ধৃত করা যাবে না। আমি যেটুকু জানি, আগামী এক মাসের মধ্যেই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি করে দেবেন’।