১০ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর শুরুতেই বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত প্রধান সংবাদ থেকে জেলা বিভিন্ন জায়গায় এই কর্মসূচীর বেশ কয়েকটি অনিয়মের খবর ছাপা হয়। সংগত কারণেই ধারণা করে নেয়া যায় যে, সংবাদপত্রে যেটুকু তথ্য এসেছে তা বাস্তবতার নগন্য অংশই মাত্র। আর শুধু সুনামগঞ্জে নয়, জাতীয় গণমাধ্যমসূত্র থেকে জানা যায় দেশজুরেই এই কর্মসূচী বাস্তবায়নে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম ব্যাপকভাবে বাসা বেঁধেছে। দরিদ্র মানুষদের খাদ্য নিশ্চয়তা বিধানকল্পে বর্তমান সরকারের একটি অতি প্রশংসনীয় কর্মকা- মাঠ পর্যায়ে এরূপ অবস্থায় পতিত হওয়া দুর্ভাগ্যজনক বৈ আর কিছু নয়। তালিকা প্রণয়নে যেমন প্রকৃত সুবিধাভোগীদের বাদ দেওয়া হয়েছে তেমনি স্বচ্ছল অনেককে এমনকি একই পরিবারের একাধিক ব্যক্তিকে তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে। অন্যদিকে এই কর্মসূচীর চাল বিতরণের জন্য যেসব ডিলার নিয়োগ করা হয়েছে তাদের সিংহভাগই সরকার দলীয় স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী। এই ডিলাররাও নানাভাবে দুর্নীতি করছেন। ওজনে কম দেয়া, নির্ধারিত দিনে চাল বিক্রি না করা এমনসব অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যে কর্মসূচীটি সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যাপক ভূমিকা রাখার কথা সেখানে দলেরই কিছু নি¤œপর্যায়ের নেতা-কর্মীর অসহিষ্ণু লোভের কারণে সেই ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পরিবর্তে কালিমালিপ্ত হচ্ছে। এই জায়গায় দলকে অত্যন্ত কঠোর অবস্থানে আসতে হবে।
কর্মসূচীটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা বলেছেন ‘যেখানেই অভিযোগ পাওয়া যাবে সেখানেই সংশোধন করা হবে’। তারা নিজেদের ফেসবুক পেজেও এই কর্মসূচী সম্পর্কে কারও কোন অভিযোগ থাকলে জানানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কাগজে-কলমে কিংবা বক্তব্য বিবৃতিতে খাদ্য বিভাগের এই সংকল্প ধন্যবাদযোগ্য। কিন্তু আসল কাজ হলো এই কথাকে কাজে পরিণত করা। এখানে প্রভাবশালী জনপ্রতিনিধি এবং সরকার দলীয় ডিলারদের মধ্যে তারা এই সাবধানবাণী কীভাবে বাস্তবায়ন করবেন সেটি এখন দেখার বিষয়। তবে আমরা এই জায়গায় তাদেরকে সর্বতো সহায়তা দানের জন্য দলের দায়িত্বশীল নেতৃত্বের সদয় সহযোগিতা কামনা করি।
গরীবের ভাগ আত্মসাত করার চাইতে মন্দ কাজ আর কিছু হতে পারে না। সরকার এই কর্মসূচীর মাধ্যমে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করছে। দলের দায়িত্ব হলো সরকারের প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা। এটি না করে কেউ যখন এখান থেকে কিছু লাভের গুড় তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন তখন বুঝতে হবে ওই ব্যক্তিরা দলের সুদিনের কোকিল মাত্র। এরা দলকে কোনভাবেই প্রতিনিধিত্ব করতে পারে না। এরা দলের নাম বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। এইসব ব্যক্তি দলে থাকা বা না থাকা সমান কথা। অতএব মন্দ ব্যক্তিকে ছেটে ফেলার মধ্য দিয়েই দলকে কলঙ্কমুক্ত হতে হবে। এতে গরীবের মুখের হাসি দীর্ঘায়িত হবে। ওই তৃপ্তির হাসি দলকে অনেক উপরে নিয়ে যাবে। জনবান্ধব একটি দলকে এরূপ জনস্বার্থ সংরক্ষণকারী কাজকেই অগ্রাধিকার দিতে হয়।
বাংলাদেশে এখন উন্নয়ন মহাযজ্ঞে যে বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে তা তুলনাতীত। মানুষের ধারণা দুর্নীতি নামক দুষ্ট প্রপঞ্চ যদি নিজের লালসার জিহ্বা একটুখানি সংযত করত তাহলে বাংলাদেশের বহু সমস্যার সমাধান হয়ে যেত। সরকারের উচ্চ পর্যায় থেকে দুর্নীতি নিরোধে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে। এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব হলো এই উন্নয়ন মহাযজ্ঞকে দুর্নীতির কালো থাবা থেকে মুক্ত রাখতে যার যার অবস্থান থেকে যথাসাধ্য ভূমিকা রাখা। খাদ্যবান্ধব কর্মসূচীর ক্ষেত্রেও আমাদের একই মনোভাব।

