খালেদা জিয়াকে ভয় পায় সরকার- আব্দুল্লা আল নোমান

স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান বলেছেন, দেশে গণতন্ত্রের জন্য কথা বলার অধিকার নেই, এই অধিকার কেড়ে নেবার সময় এসেছে, জনগণকে সাথে নিয়ে এই অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, একই সঙ্গে জাতীয় স্বার্থে জনগণের নেতা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করার সময় আব্দুল্লা আল নোমান এই মন্তব্য করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, জাতীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মুক্তাদির করিম, সহসভাপতি শহিদুল্লাহ তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, নাদীর আহমদ, আবুল মুনসুর শওকত, আবুল কালাম, অ্যাড. আব্দুল হক, অ্যাড. মাশুক আলম, আনিসুল হক, আতম মিসবাহ, আব্দুল মোতালেব খান, ফুল মিয়া, রেজাউল হক, আনসার উদ্দিন, অ্যাড. মল্লিক মহিউদ্দিন সোহেল, আব্দুল লতিফ জেপি, দলীয় নেতা নজরুল ইসলাম, মোনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ কয়েস, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মুক্তাদির হোসেন তরু, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ভয় পায় মন্তব্য করে বিএনপি নেতা আব্দুল্লা আল নোমান বলেন, খালেদা জিয়া জেল থেকে বেরুলে দেশে যে আওয়াজ ওঠবে, শেখ হাসিনার সেটি ঠেকানোর ক্ষমতা নেই, এজন্য খালেদা জিয়াকে ভয় পায় তারা। তিনি বলেন, খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়ায় নয়, জোর করে কারাগারে রাখা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান নিজেকে আওয়ামী লীগের একসময়ের নেতা দাবি করে বলেন, বর্তমানের আওয়ামী লীগ আগের আওয়ামী লীগ নয়। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে তিনি বলেন, এরা দেশনেত্রী খালেদা জিয়াকে জোর করে আটকে রেখেছে, তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। তিনি এই সরকারের সময়ে দেশের নয়, কিছু মানুষের উন্নয়ন হয়েছে দাবি করে বলেন, এরা আঙ্গুল ফুলে কলাগাছ, কলাগাছ থেকে বটগাছ হয়েছে। তিনি বলেন, ইউপি নির্বাচনের ফলাফল দেখলেই বুঝা যায়, গ্রামেগঞ্জে তৃণমূলে সরকার ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে সাধারণ মানুষ। বিএনপি নির্বাচনে যায় নি, ঈশারাও দেয় নি, এরপর দেশের প্রত্যেক এলাকায় নৌকার ভরাডুবি হচ্ছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
সমাবেশের আগে শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে এসে যোগদান করে।