অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক
সুনামগঞ্জ জেলাধীন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত খাসিয়ামারা রাবার ড্যাম। ভারতের মেঘালয় পাহাড় থেকে আগত খাসিয়ামারা উপনদী লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়ন দুটির বুক চিরে নূরপুর গ্রামের পাশ দিয়ে সুরমা নদীতে মিশেছে। শুষ্ক মৌসুমে পানির স্বল্প প্রবাহ আর বর্ষার দুকূল ছাপানো ভয়ংকর রূপের সাথে এলাকাবাসীর রয়েছে সুদীর্ঘ কালের পরিচিতি। দুই তীরের ফসলী জমি ও ফসল সহ বাড়ীঘর রক্ষায় প্রয়োজনে উভয় তীরেই সরকারী ব্যবস্থাপনায় বেড়ী বাঁধ নির্মাণ করা হয়েছে মূল নদী থেকে একটু দূরে দূরে যাতে দু’ কূল ছাপানো বর্ষার পানি দুই বেড়ী বাঁধের অভ্যন্তর ভাগ দিয়েই স্বাচ্ছন্দে সুরমা নদীতে চলে যেতে পারে। যদিও ভাঙ্গা গড়ার চিরায়ত অভ্যাসের কারণে কোন কোন জায়গায়
মূল নদী বেড়ী বাঁধের কাছে চলে এসেছে।
শীত-বসন্তের নিরাপদ সময়ে দুই তীরের কৃষকগণ নিজেদের উদ্যোগে এ নদীতে মৌসুমী ক্রস বাঁধ নির্মাণ করে সহজলভ্য পানি ব্যবহার করে জমিতে চাষাবাদের মাধ্যমে লাভবান হয়েছেন বেশ কয়েক বছর। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) এর ব্যবস্থাপনায় বর্তমান রাবার ড্যামটি নির্মাণ করা হলে আরও অনেক বেশী সংখ্যক গ্রামের জমিতে চাষাবাদ করে এতদঞ্চলের কৃষক কূলের ভাগ্যোন্নয়ন হয়েছিল যথেষ্টই।
কিন্তু একাধিকবার বর্ষাকালের প্রলয়ংকরী পাহাড়ী ঢলে রাবার ড্যামের কিছুটা উজানে কখনও পশ্চিম-দক্ষিণ তীর কখনও পূর্ব উত্তর তীরের বেড়ী বাঁধ ভেঙ্গে ১৫/২০টি করে গ্রাম প্লাবিত হয় এবং জমি, ফসল, ঘরবাড়ী ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকগণ হন দিশেহারা। খএঊউ কর্তৃপক্ষ পরিদর্শন, পর্যবেক্ষণ ইত্যাদি শেষে ২০১৩-১৪ আর্থিক সনে ভাঙ্গন ভরাট করে বেড়ী বাঁধ পুনঃনির্মাণ সম্পন্ন করেন। কিন্তু ২০১৪ খ্রীষ্টাব্দের বর্ষার অদম্য ঢল ধেয়ে এসে রাবার ড্যামের ঠিক উত্তর পাশেই পূর্ব উত্তর তীরের বেড়ী বাঁধে বিরাট ভাঙ্গন সৃষ্টির মাধ্যমে আবারও এলাকাবাসীকে ভীষণভাবে বিপদাপন্ন করে।
আবারও খএঊউ কর্তৃপক্ষ দফায় দফায় পরিদর্শন, পর্যবেক্ষণ সমীক্ষা চালাতে থাকেন। ওদিকে কৃষকগণ বছরের পর বছর প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন। অবশেষে ২০১৫-১৬ অর্থ বছরে কোটি টাকারও অধিক ব্যয়ে একটি প্রকল্প ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করেন খএঊউ। উজানের ভাঙ্গনে মাটি ভরাট করে সি.সি ব্লক দ্বারা আচ্ছাদিত করা হয়।
অথচ সংশ্লিষ্ট জনগণের জন্য দুর্ভাগ্যজনক এবং সকল দায়িত্বশীল ও খএঊউ কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক ভাবেই কোটি টাকার নতুন কাজের উজানের অংশটি গত ১৯ জুলাই মঙ্গলবার সকালে ভেঙ্গে গেলে Ñবিগত সময়ে বারবার ক্ষতিগ্রস্ত গ্রমের মানুষগুলো আবারও পানিবন্দি হলÑ ক্ষয়ক্ষতির কথা বলাই বাহুল্য।
এলাকাবাসীর সাথে আলোচনায় জানা যায়, প্রকল্পটির রয়েছে বিসমিল্লায় গলদ। বারবার পোড় খাওয়া মানুষজনের মতে, বর্তমানে রাবার ড্যামের দু’ পাশে বেড়ী বাঁধ পর্যন্ত নির্মিত পাকা সড়ক বর্ষার পানিকে আটকে রাখার কারণে তা ফুলতে ফুলতে উঁচু হয়ে একদিক দিয়ে ভেঙ্গে বেরিয়ে যাচ্ছে। মূল নদীর ভেতরে নির্মিত রাবার ড্যামটি দিয়ে বর্ষায় পাহাড়ী ঢলের সময় আগত অত্যাধিক পরিমাণ পানি নিষ্কাষিত হতে না পারার ফলেই উপচানো পানির তোড়ে বারবার এভাবেই বেড়ী বাঁধ ভেঙ্গে যাচ্ছেÑ একই সঙ্গে ভেঙ্গে যাচ্ছে অগণিত কৃষকের মেরুদ-।
এখন সাধারণের সহজ পরামর্শটি হচ্ছে ড্যামের দুপাশে দুটি স্লুইস গেট নির্মাণ করে বর্ষার ড্যামের মত খোলা রাখলে অতিরিক্ত পানি স্বচ্ছন্দে নিষ্কাষিত হতে পারবে।
অত্যাবশ্যকীয় আর একটি পরামর্শ হচ্ছে এ ধরনের গুরুত্বপূর্ণ নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একজন প্রকৌশলীর সার্বক্ষণিক অবস্থান, দেখাশোনা এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান অপরিহার্য।
একান্তভাবে প্রয়োজন সংশ্লিষ্ট সকলের নিখাদ আন্তরিকতার সাথে পূর্ণ দায়িত্ব পালন যার মাধ্যমে কাঙ্খিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (ঝউএ) বাস্তবায়ন সম্ভব হবে।
লেখক: চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ, সুনামগঞ্জ।


