খিরা খাওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় খেতের খিরা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চান মিয়া (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামে গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, মুরাদপুর গ্রামের হবিুবর রহমানের খিরা খেতে গিয়ে গতকাল বুধবার সকালে কয়েকটি খিরা খেয়ে ফেলে গ্রামের চান মিয়ার ছেলে সানি (৮)। চান মিয়া সম্পর্কে হাবিবুর রহমানের আপন ভাতিজা হন। পরে হাবিবুর রহমান ও তার ছেলে পাভেলসহ কয়েকজন চান মিয়ার বাড়িতে গিয়ে এ নিয়ে তাকে গালিগালাজ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে
তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষের এক লোক সুলফি দিয়ে চান মিয়ার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাপালে পাঠায়। এ সময় হবিবুর রহমানের ভাই সফিক মিয়াকে (৪০) আটক করে পুলিশ।
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তারা পরস্পর আত্মীয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা যেত। কিন্তু আমরা সেই সুযোগ পাইনি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, খেতের খিরা খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ একজনকে আটক ও হত্যাকা-ে ব্যবহৃত সুলফিসহ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করেছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।