খোলা মাঠে পাওয়া গেল ৯টি গরু

ধর্মপাশা প্রতিনিধি
রবিবার দুপুর বেলা সড়কের পাশে খোলা মাঠে এলোমেলোভাবে ঘুরাফেরা করছিল কয়েকটি গরু। পথচারীরা ভেবেছিলেন গরুগুলো স্থানীয় কারও। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত হলেও গরুগুলো সেখানেই দেখতে পাওয়া যায়। তাই স্থানীয় মৌলা মিয়া নামের এক ব্যক্তি বিষয়টি সেখানকার ইউপি সদস্যকে জানায়। ইউপি সদস্য আবুল কাশেমের নির্দেশে মৌলা মিয়া গরুগুলো তার বাড়িতে রাখে। পরের দিন অর্থ্যাৎ সোমবার সকালে আবুল কাশেম সেখানে গিয়ে ৯টি গরু দেখতে পান। আবুল কাশেম গরুগুলোর মালিকের সন্ধান করতে থাকেন। কিন্তু কারও সন্ধান না পাওয়ায় ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম গরুগুলোর ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। ওই ৯টি গরু একই ইউনিয়নের দলিদাকান্দা দক্ষিণপাড়া গ্রামের মৌলা মিয়ার বাড়ি সংলগ্ন খোলা মাঠে পাওয়া যায়।
ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘গরুগুলো আমার জিম্মায় রয়েছে। বিষয়টি ইউএনও, এসিল্যান্ড, সহকারী পুলিশ সুপার ও ওসিকে জানানো হয়েছে। কেউ গরু হারিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে বলা হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বিষয়টি ইউপি সদস্য আবুল কাশেম আমাকে জানিয়েছে। কেউ গরুগুলো নিজের দাবি করে আসলে তা যাচাই বাছাই করে হস্তান্তর করা হবে।’