আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক কারাগারে

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আট বছরের শিশুকে ধর্ষণ করেছে আব্দুল মতিন বেগ (৪০) নামের তিন সন্তানের জনক। গত ২৮ মে শুক্রবার বিকাল সাড়ে চার টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁওয়ে এই ঘটনা ঘটে।
ধর্ষক মতিন বেগের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আব্দুল মতিন বেগকে রবিবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। নির্যাতনের শিকার শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার মা তাকে ও তার বাবাকে ছেড়ে অন্যত্র থাকেন বলে জানা গেছেন।
রবিবার বিকালে পুলিশ নির্যাতিত শিশুটিকে উদ্ধার করেছে এবং সোমবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে গতকাল দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে ওই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে শুক্রবার বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের ওই শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পেছনের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি বাবুল বেগের ছেলে আব্দুল মতিন বেগ। এই ঘটনায় ৩০ মে রবিবার বিকালে ওই শিশুর বাবা বাদী হয়ে আব্দুল মতিন বেগের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রবিবার সন্ধ্যায় মতিন বেগকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন,‘ জুমগাঁও গ্রামের আব্দুল মতিন বেগের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন না মঞ্জুর তাকে জেলহাজতে প্রেরণ করেছে।’