গজারিয়া ঘাট দখল নিয়ে দু-পক্ষের দ্বন্দ্ব

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের গজারিয়া ঘাট দখল নিয়ে দু-পক্ষের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এক পক্ষ জেলা পরিষদ থেকে পারাপারের গোদারা ঘাট ও অন্য পক্ষ বিআইডব্লিউর কাছ থেকে গজারিয়া বাজারের ঘাট লিজ নিয়েছেন। উভয় পক্ষ টাকা আদায় নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। খেয়াঘাটের ইজারাদার ও তার পক্ষের লোকজনকে জোরপূর্বক ঘাট থেকে তুলে দিয়ে দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর বিআইডব্লিউর ইজারাদার ও তার লোকদের দাবি আমরা কাউকে জোর করে উঠিয়ে দেইনি। প্রশাসন বলছে, গোদারা বা জেটির নামে কেউ চাঁদাবাজি বা অবৈধ ভাবে টাকা আদায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার সকালে সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গজারিয়া খেয়া ঘাটটি সুকদেবপুর গ্রামের মৃত নরেন্দ্র বর্মনের ছেলে নিতাই বর্মন টেন্ডারের মাধ্যমে সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে ২০১৬ হতে ২০১৭ আর্থিক সনের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা রাজস্ব দিয়ে ইজারা নিয়েছেন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোক গত ৩ দিন যাবৎ ইজারাঘাটটি দখল করে রেখেছেন। গজারিয়া গ্রামের শাহাব উদ্দিন, আব্দুল মিয়া, সেলিম মিয়া, নাসির, নয়ন মিয়া, এরশাদ মিয়া প্রমুখ ঘাটটি দখল করে আছেন বলে জানা যায়। অপর দিকে বিআইডব্লিউটির কাছ থেকে প্রতি মাস হিসেবে ৫ হাজার ৪শত টাকা প্রদান করে গজারিয়া ঘাটের ইজারা নেন নানু মিয়া। এর পর থেকে দুই পক্ষ টাকা আদায় নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
গজারিয়া গ্রামের শাহাব উদ্দিন বলেন, আমরা তাদের খেয়াঘাট থেকে উচ্ছেদ করিনি, আমরা বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে কার্গো, বলগেইট, ইঞ্জিন নৌকা থেকে টাকা তোলার অনুমতি নিয়ে এসেছি।  
খেয়া ঘাটের ইজারাদার নিতাই বর্মন বলেন, আমি জেলা পরিষদ থেকে সরকারী আইন অনুযায়ী রাজস্ব দিয়ে খেয়া ঘাট ইজারা নিয়েছি কিন্তু শাহাব উদ্দিন সহ তার লোকজন খেয়াঘাট থেকে আমার লোকজনকে তুলে দিয়েছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামানা করি।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আলী আহম্মাদ বলেন, আমি বিষয়টি শুনেছি, স্থানীয় প্রশাসনকে অবহিত করব।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।