সু.খবর ডেস্ক
গণপ্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে তুরস্কের সেনা অভ্যুত্থান। ক্ষমতা দখলে নেয়ার দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ করতে শুরু করে সেনাবাহিনীর একাংশ। এরইমধ্যে তিন হাজারের বেশি বিদ্রোহী সেনাকে গ্রেফতার করা হয়েছে। অপসারণ করা হয়েছে ২৯ কর্নেল ও ৫ জন জেনারেলকে। ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম।
প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভ্যুত্থান চেষ্টায় প্ররোচনার জন্য মার্কিন মদদপুষ্ট ধর্মীয় নেতা ফেতহুল্লাহ গুলেনকে দায়ী করে, বিদ্রোহীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। অভ্যুত্থান চেষ্টার সময় সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ২৬৫ জন। এছাড়া আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত এক হাজার ১৫৪ জন।
তীব্র গণপ্রতিরোধের মুখে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার পর শনিবার ভোরে তুরস্ক সেনাবাহিনীর একাংশ ইস্তাম্বুলের বসফরাস সেতুতে আত্মসমর্পণ করে।
এরপর থেকেই সেনাদের দখলে নেয়া বিভিন্ন স্থাপনা একে একে নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে সরকার-অনুগত বাহিনী। আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় শনিবার সকালে রাতের তা-বের বিভিন্ন চিত্র দেখা যায়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে, সরকার-অনুগত সেনারা সেনাপ্রধান হুলুসি অ্যাকারকে জিম্মি দশা থেকে মুক্ত করে। রাতভর উদ্বেগ-উৎকণ্ঠার পর সকালে ও ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসে জনতা।
এক ব্যক্তি বলেন, ‘এটি চরম নিষ্ঠুরতা, আমাদের এমন সুন্দর দেশে যারা অভ্যুত্থানের চেষ্টা করেছে- জাতি তাদের কখনোই ক্ষমা করবে না।’
অপর এক ব্যক্তি বলেন, ‘সেনাদের তা-বে রাতে আমার ভাইয়ের ছেলে মারা গেছে। সৃষ্টিকর্তা তাদের বিচার করবেন।’
এর আগে, শুক্রবার রাতে তুরস্কের একটি টেলিভিশনে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে সামরিক আইন জারির ঘোষণা দেয় সেনাবাহিনীর একাংশ। একই সঙ্গে আঙ্কারা ও ইস্তাম্বুলের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা বন্ধ করে রাস্তায় অবস্থান নেয় তারা। এই সময় আকাশে বেশ কয়েকটি হেলিকপ্টার টহল দিতে দেখা যায়।
পার্লামেন্টের ভেতরে বিস্ফোরণ ও ব্যাপক ভাংচুরের পাশাপাশি, তুর্কি গণমাধ্যম আল-হুরিয়াত, সিএনএন- এর তুরস্ক কার্যালয়সহ কয়েকটি গণমাধ্যম দখলে নেয়ার দাবি করে তারা। পরে আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদেও বোমা হামলা হয় জানায় গণমাধ্যম।
বেশ কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে জিম্মি করারও ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আঙ্কারার রাস্তায় নেমে আসা বেসামরিক নাগরিকদের ওপর হেলিকপ্টার থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে দেখা গেছে।
তবে, অভ্যুত্থান-চেষ্টার পরপরই বিষয়টি অস্বীকার করে তুরস্কের নিয়ন্ত্রণ সরকারের হাতেই রয়েছে বলে মোবাইল ফোনে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জানান প্রেসিডেন্ট এরদোয়ান। এর কয়েক ঘণ্টা পর ইস্তাম্বুলে পৌঁছে সেখানে দেয়া ভাষণে অভ্যুত্থানের চেষ্টাকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ উল্লেখ করে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, ‘তুরস্কের জনগণেরে অর্থে সেনাদের ভরণ-পোষণ চলে, তারা এভাবে বেসামরিক নাগরিকদের ওপর বন্দুক তাক করতে পারে না। এটি স্রেফ রাষ্ট্রদ্রোহিতা। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িতদের অবশ্যই এর জন্য চরম শাস্তি ভোগ করতে হবে।’
এর আগে প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানের সাড়া দিয়ে শুক্রবার রাতেই আঙ্কারা ও ইস্তাম্বুলের রাস্তায় নেমে আসে শত শত মানুষ। সেখানে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে সেনাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয় বিক্ষুব্ধ জনতা।
বিপথগামী সেনাদের এ অভ্যুত্থান চেষ্টায় প্ররোচনার জন্য মার্কিন মদদ-পুষ্ট ধর্মীয় নেতা ফেতহুল্লাহ গুলেনকে দায়ী করেন প্রেসিডেন্ট এরদোয়ান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরইমধ্যে তুর্কি সামরিক বাহিনীর ২৯ কর্নেল ও ৫ জন জেনারেলকে অপসারণ করা হয়েছে।
দিকে তুরস্কের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং সরকারের নিয়ন্ত্রণে থাকলেও নিজ দলের সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। যেকোনো সময় আবার এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এএফপির খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় এরদোয়ান বলেন, ‘সেনা অভ্যুত্থানের চেষ্টা যে অবস্থাতেই থাকুক না কেন, আমাদের সারা রাত রাস্তায় থাকতে হবে। কারণ, যেকোনো মুহূর্তে আবার নতুন করে এ ধরনের ঘটতে পারে।’
বাংলাদেশিদের সতর্ক চলাচলের পরামর্শ
তুরস্কে সেনা অভ্যুত্থানের পর উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবারের ওই অভ্যুত্থান চেষ্টায় দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর গণমাধ্যমে এলেও সেখানকার বাংলাদেশিরা নিরাপদ আছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরস্কে ১৫ জুলাই থেকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের চলাচল নিয়ন্ত্রণ এবং জন সমাগম রয়েছে, এমন স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত তুরস্কে বাংলাদেশিরা নিরাপদে আছেন।’
যে কোনো প্রয়োজনে বাংলাদেশিদের অঙ্কারায় বাংলাদেশ দূতাবাস অথবা ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে যোগাযোগে জন তিনটি ফোন নম্বরও বিজ্ঞপ্তিতে। ফোন নম্বরগুলো হচ্ছে- +৯০৫৩০৭৬৩৫৯১১, +৯০৫৩১৬৮০১১৯০, +৯০৫০৬৩৬৪৩১৭৩।
নেটো জোটভুক্ত দেশটির সেনাবাহিনীর একটি দল শুক্রবার বিকালে অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়।
- ফুটপাতের দোকান ও যানজট আর্থ-সামাজিক অবস্থা থেকেই উদ্ভূত
- নাইকো দুর্নীতি খালেদাসহ ২৬ জনের নাম আন্তর্জাতিক আদালতে


