গাজীপুরে নিহত জঙ্গির ৩ জনই ছাতকের- পরিচয় পাওয়া গেছে সাইফুলের

বিজয় রায় ও তপনজ্যোতি
গাজীপুর, টাঙ্গাইল ও সাভারের আশুলিয়ায় পৃথক চার আস্তানায় নিহত ১২ জঙ্গির একজন সাইফুর রহমান বাবলু (২২)’র বাড়ি সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামে। নিহত সাইফুলের বাবা মতিউর রহমান বলেছেন,‘আমার ছেলে জঙ্গি হয়েছে, এটি ভাবতে আমার কষ্ট হচ্ছে, সে দেশের শত্রু, আমি তাঁর লাশও আনবো না’।
সাইফুর রহমান বাবলু মুনিরজ্ঞাতি’র মতিউর রহমানের ছেলে। ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে সাইফুর বড় সন্তান। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পাঠশালা শেষ করে ছাতকের সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ২০১২ সালে সিলেটের সার্ক ইন্টারন্যাশনাল কলেজে ভর্তি হয়। ২০১৪ সালে এইচএসসি পাস করে সে। এরপর ২০১৫ সালে অনার্স ভর্তি হবার চেষ্টা করে সফল হয়নি সে। এরপর মুনিরজ্ঞাতি ও সিলেটে আসা যাওয়ার মধ্যে থাকতো সে।
সাইফুরের বাবা মতিউর রহমান বলেন,‘আমি খুব সামর্থবান মানুষ নই। গরু কেনা-বেচার ব্যবসা করি আমি। অনেক কষ্টে ছেলেটিকে সিলেটের সার্ক ইন্টারন্যাশনাল কলেজে পড়িয়েছি। থাকতো সিলেট শহরের কুলিয়ারপাড়ায় ফুফুর বাসায়। গত বছর অনার্সে ভর্তি হতে না পেরে বাড়ি  
এবং সিলেটে আসা যাওয়ার মধ্যে থাকতো সে। গত প্রায় দুই মাস ধরে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই। তাঁর মোবাইলে ফোন করেও পাওয়া যায় না। আমাদেরও ফোন করে না। আজ মঙ্গলবার সকালে পুলিশ বাড়িতে এসে তার মাকে ছবি দেখানোর পর মা’ই সনাক্ত করেছেন তার ছেলেকে। আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ছেলে জঙ্গি হয়েছে, এটি ভাবতেও কষ্ট হচ্ছে আমার। আমি তার লাশ আনবো না। এই রকম ছেলে’র বেঁচে থাকার প্রয়োজন নেই’।
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির বলেন,‘ফেইসবুকে এবং পত্রিকায় ছবি দেখে আমরা এবং তার পরিবারের লোকজন সাইফুরকে সনাক্ত করতে পেরেছি’।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘গাজীপুরের অপারেশনে নিহত ৭ জঙ্গির মধ্যে ৩ জঙ্গির ছবি সনাক্তকরণের জন্য পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৩ জঙ্গির বাড়ি-ই ছাতকে। তবে এক জঙ্গি সাইফুল ইসলাম বাবলুর নাম- পরিচয় সনাক্ত করা গেছে। অন্য দুই জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি’।