স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের আধুনিক নাট্য আন্দোলনের নবযুগের রূপকার রাজীব দেব মান্নার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় এ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন, গানে, কথায় কীর্তিমান মানুষটিকে স্মরণ করে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার।
স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব মঞ্জু তালুকদার, তপন কর, সাংবাদিক ও নাট্যকার অ্যাড. খলিল রহমান, সংস্কৃতিকর্মী রিপন চন্দ, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা সাদেকুর রহমান খান, সাবেক দলনেতা আবিদ খান হৃদয়, সহ দলনেতা জুবাইর খান সহ প্রসেনিয়ামের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রাজীব দেব মান্না ২০০৩ সালে সুনামগঞ্জ শহরের কিছু তরুণকে নিয়ে গড়ে তুলেছিলেন নাটকের দল সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার। রাজীব দেব মান্না ছিলেন সিলেট শহরের সাংস্কৃতিক অঙ্গনের এক সূর্যের নাম। ব্যাপক জনপ্রিয়তা ছিল তাঁর। সিলেট প্রসেনিয়ামের প্রতিষ্ঠাতা ও চ্যানেল এস ইউ কে এর অনুষ্ঠান প্রধান ছিলেন তিনি। সৃজনশীল এই মানুষটি মাত্র ৩৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যুক্তরাজ্যে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন ২০১০ সালের ১০ জানুয়ারি।


