স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ায় সময় নারী ইউএনও’কে না রাখার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সামাজিক প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী স্বপন কুমার দাস রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, নারী নেত্রী মতিয়া বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী, জেলা সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য অ্যাড. এ,আর জুয়েল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,‘বীর মুক্তিযোদ্ধাদের মত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনওর বিকল্প চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নারীর ক্ষমতায়ন, আইন ও সংবিধান বিরোধী। ইউএনও পদটি নারী কিংবা পুরুষ নয়, এটি একটি প্রতিষ্ঠান। তাই এই পদে যিনি থাকবেন, তাকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে।’ তাই মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।


