জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত সোমবার নিহতের ভাই সৈয়দ হোসাইন মিয়া বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসানসহ ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী সৈয়দ হোসাইন মিয়া জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হাসানের নেতৃত্বে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবুল হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, একটি মহলের ষড়যন্ত্রে আমাকে আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনভাবেই আমি জড়িত নই।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামীদের গ্রেপ্তারে আমাদের কয়েকটি টিম অভিযানে রয়েছে।
উল্লেখ্য, উপজেলার সৈয়দপুর (ঈশানকোণা) গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে সৈয়দ হোসাইন আহমেদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার রাতে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সৈয়দ আলমগীর হোসেনের লোকজনের ছোঁড়া গুলিতে সৈয়দ জামাল (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরত্বর আহত হন। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এঘটনায় আরও ৫ জন গুলিবিদ্ধ হয়ে সিলেটে ওসমানিতে চিকিৎসাধীন রয়েছেন।


