গোবিন্দগঞ্জ সংবাদদাতা
ছাতকের গোবিন্দগঞ্জ অনার্স কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া ওরিয়েন্টেশন ক্লাস শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তেজনায় পন্ড- হয়েছে। রবিবার দুপুরে কলেজ হল রুমে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রবিবার দুপুরে কলেজ হল রুমে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের বক্তব্যের সময় একই কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী তাজামুল হক রিপন, দ্বীনুল ইসলাম শ্যামল ও শায়েস্তা তালুকদার রবি এবং একাদশ শ্রেণীর হাবিবুর রহমান বাবলু ওই ক্লাসে প্রবেশ করে।
এসময় কলেজ
অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা ওইসব শিক্ষার্থীদের বের হওয়ার জন্য বললে বাক-বিতন্ডার মাধ্যমে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ক্লাস প- হয়ে পড়ে। কিছুক্ষণ পর ওইসব শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে কলেজ ত্যাগ করে। পরে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে মিছিল করে। এ ঘটনার পর অধ্যক্ষসহ কলেজ শিক্ষকবৃন্দ তাৎক্ষণিক এক জরুরী বৈঠকে বসেন।
কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী অভিযুক্ত তাজামুল হক রিপন জানান, কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস চলছে এমন খবর পেয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে কলম উপহার দেয়ার উদ্দেশ্যে দ্বীনুল ইসলাম শ্যামল, শায়েস্তা তালুকদার রবি ও হাবিবুর রহমান বাবলুকে সাথে নিয়ে তিনি ওই হল রুমে প্রবেশ করেন। তাদের উপস্থিতি দেখে কলেজ অধ্যক্ষ তাদেরকে কটাক্ষ করে হল রুম ত্যাগ করতে বলেন। এসময় শায়েস্তা তালুকদার নামের ডিগ্রি শেষে বর্ষের শিক্ষার্থী আহত হয়। পরে তারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল করেন। আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন,‘ কলেজের লেখা-পড়ার ব্যাঘাত সৃষ্টি করার জন্য কিছু দুষ্কৃতিকারী একের পর এক অঘটন ঘটিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এর আগেও এদের মধ্যে বিভিন্ন অপরাধিদের সাময়িক বহিস্কার করা হয়েছে।
তিনি বলেন,‘কলেজে শান্তিপূর্ণভাবে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস চলাকালে রিপন, শ্যামল, শায়েস্তা ও বাবলু অনাধিকারে প্রবেশ করে বিশৃংখলা সৃষ্টি করে। এসময় তিনি ও অন্যান্য শিক্ষকরা তাদেরকে ক্লাস ত্যাগ করার জন্য বললে ওইসব দুষ্কৃতিকারিরা শিক্ষকদের সাথে অশালীন আচরণ করে এবং কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড নিষেধ থাকা সত্ত্বেও পবর্তীতে ওরা মিছিলসহকারে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষকদের কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে গভনিং বডির কিছু সদস্য ও থানা পুলিশকে অবহিত করা হয়। কলেজের একাডেমিক কাউন্সিল ও স্টাফদের জরুরী সভায় আজ সোমবার সকাল থেকে সবধরনের ক্লাস বর্জনসহ, কলেজ সংলগ্ন শহিদ মিনারে দুই ঘন্টা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত হয়।
ছাতক থানার এস আই সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলেজ গভনিং বডির সদস্য সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে আরো একাধিক গভনিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। গভনিং বডির সদস্যসহ কলেজ আশপাশ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সোমবার সকাল ১০টায় কলেজে এক জরুরী বৈঠকের আহবান করা হয়েছে।


