গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে টিকিয়ে রাখুন

আমরা যখন জীবনের সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন তথা উন্নয়নের প্রত্যাশা করছি তখন এর পূর্বশর্ত শিক্ষাগ্রহণের সুযোগটিকে সর্বাগ্রে বিশেষ পরিচর্যার মধ্যে রাখা আবশ্যক। বিশেষ করে সুনামগঞ্জ জেলার জন্য এ কথাটি সবিশেষভাবে প্রযোজ্য এ কারণে যে জাতীয়ভাবে শিক্ষার প্রতিটি সূচকে আমরা পিছিয়ে রয়েছি। এরকম একটি প্রেক্ষাপটে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার সেখানে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে তবে সেটি হবে নিতান্তই আত্মঘাতি এবং দুর্ভাগ্যজনক। বলাবাহুল্য গতকালের দৈনিক সুনামগঞ্জের খবরে এরকমই একটি দুর্ভাগ্যজনক খবর পাওয়া গেল। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান ১৯৮৯ সন থেকে এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রেেেখ আসছিল। গ্রামের ২৯ ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন এবং বিদ্যালয় পরিচালনার জন্য আয়ের কিছু সুনির্দিষ্ট উৎসও ঠিক করে দিয়েছিলেন। এতদিন যাবৎ মোটামোটি চলছিল ভালই বিদ্যালয়টি। বিদ্যালয় প্রতিষ্ঠার ২৭ বছর পর গ্রামীণ কোন্দলের কারণে এখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। একটি বিদ্যালয় নিয়ে গ্রামে দলাদলি কিংবা মতভেদ থাকবে এরকম অবস্থা আমরা চিন্তা করতেও রাজি নই। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গ্রামের সবাইকে এক ও অভিন্ন থাকা আবশ্যক। কী কারণে কোন্দল সৃষ্টি হলো তার সবিস্তারিত ব্যাখ্যা আমাদের জানা নেই। কিন্তু এটুকু আমরা বুঝতে পারি এই সমস্যা খুব বড় কিছু হওয়ার কারণ নেই। কেউ উদ্যোগ নিলে সহজেই কোন্দল নিরসন করা সম্ভব। লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবশ্য আস্বস্থ করেছেন যে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা কায়মনোবাক্যে কামনা করি তাঁর এই আশ্বাস দ্রুতই কার্যকর হোক।
গত দুই মাস যাবৎ বিদ্যালয়ে কোন ধরনের শিক্ষা কার্যক্রম না চললেও বিষয়টি জানা নেই জেলা শিক্ষা অফিসের। অন্তত প্রকাশিত খবরে জেলা শিক্ষা অফিসারের বক্তব্য থেকে আমাদের এরকমই মনে হয়েছে। বিষয়টি দুঃখজনক। বিদ্যালয়টির দুরবস্থা নিশ্চয়ই একদিনে তৈরি হয় নি। ধীরে ধীরে সমস্যার আকার বেড়েছে। একসময় এটি চূড়ান্ত হয়েছে। এই বিদ্যালয়ের সংগীন অবস্থা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরেই ২০১৬ সনের ১৬ অক্টোবর তারিখে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । প্রতিবেদনে যেকোন সময় বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশংকা ব্যক্ত করা হয়েছিলো। গণমাধ্যমে একটি বিদ্যালয়ের খবর প্রকাশের পরও তিনি যদি অবগত না হন তাহলে আর কী উপায় রয়েছে তাঁর অবগতির ?
গোবিন্দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির অবকাঠামো রয়েছে। রয়েছে শিক্ষাদান কাঠামো। এখন একটি যোগ্য ম্যানেজিং কমিটি আর কিছু আর্থিক সহায়তা দানের মাধ্যমে একে পুনরুজ্জীবিত করা দরকার। গোবিন্দপুর গ্রামের সচেতন, শিক্ষিত ও মুরব্বিগণের নিকট আমাদের আকুল আবেদন, আপনারা একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দিবেন না। যেভাবে পারেন এই বিদ্যালয়টিকে আবারও চালু করুন। এই বিদ্যালয় না থাকলে আপনাদের গ্রামের সন্তানদেরই লেখাপড়ায় বিঘœ তৈরি হবে। যত ধরনের মতভেদ রয়েছে আলোচনার মাধ্যমে তার নিরসন ঘটান। প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্তৃপক্ষের সহায়তা নিন। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। নিশ্চয়ই সরকার বিদ্যালয়টিকে চালু করতে সব ধরনের সহযোগিতা করবেন। যারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তাঁরা একটি মহৎ উদ্দেশ্য অর্থাৎ নিজ গ্রামে শিক্ষার আলো বিকিরণের জন্য এটি করেছিলেন। প্রতিষ্ঠাতারা আপনাদেরই পূর্বসুরী। আপনাদের সময়ে এসে যদি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে পড়ে তাহলে প্রতিষ্ঠাতাদের অসম্মান করা হয়। দয়া করে আপনারা তাঁদের মহান আকাক্সক্ষার অপমৃত্যু ঘটিয়ে নিজেরা ব্যর্থতার দায়ভার গ্রহণ করবেন না।