আজ ৪ঠা আগস্ট বুধবার সুনামগঞ্জের রাজনীতিবিদ সাংবাদিক মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর দশম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন । ছাত্রজীবনের শুরুতেই হাইস্কুলে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৭ইং সনে তিনি বিপুল ভোটে সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরে কলেজ শাখা ও মহকুমা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি পদে অধিষ্ঠিত হন। ১৯৭০ ইং সনে সুনামগঞ্জ-২ নির্বাচনী এলাকা দিরাই শাল্লা আসনে পাকিস্তান প্রাদেশিক পরিষদ (এমপিএ) নির্বাচনে তাকে কুড়েঘর প্রতীকে ন্যাপের মনোনয়ন দেয়া হয়। পরে দলের বৃহত্তর স্বার্থে ঐ আসনে ন্যাপের অপর প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্ত এমপির সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেন। দেশ স্বাধীনের পর সুনামগঞ্জে সরকারি সফরে আগত জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। গোলাম রব্বানী মুক্তিযুদ্ধের বালাট সাবসেক্টর এর কোম্পানী কমান্ডার, পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ড এর প্রধান উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের এর সহ সভাপতি, সুনামগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাপ্তাহিক গ্রাম বাংলার কথা, সাপ্তাহিক বিন্দু বিন্দু রক্তে সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক, জেলা সমবায় ইউনিয়ন এর সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়ন কমিটির জেলা আহবায়ক, সুনামগঞ্জ প্রেসক্লাব এর প্রথম কার্যকরী কমিটির সভাপতি, জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সুনামগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনের সাথে জড়িত ছিলেন। নবগঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে তিনিই সর্বপ্রথম আন্দোলন শুরু করেন। ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলা বাস্তবায়ন আন্দোলনের সূচনা করেন। গোলাম রব্বানী ১৯৪৬ সালের ১৯ নভেম্বর তৎকালীন সুনামগঞ্জ মহকুমার সদর থানার (দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আরব আলী এলাকার একজন বিশিষ্ট সরপঞ্চ ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে অকাল প্রয়াত এই রাজনীতিবিদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন, গোলাম রব্বানীর সুযোগ্য সহধর্মীনি সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী ও তাঁর একমাত্র পুত্র বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার বর্তমান সভাপতি ফজলে রাব্বী স্মরণ।


