সু.খবর ডেস্ক
২০-দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেওয়ার বিষয়ে ড. এমাজউদ্দীন আহমদের বক্তব্য তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়িছাড়া করার প্রক্রিয়া দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ।
ফখরুল বলেন, ‘ব্যারিস্টার মওদুদ সাহেবের এই মামলা আরো প্রমাণ করল যে, তাদের মূল্য লক্ষ্য হচ্ছে জঙ্গিবাদকে নির্মূল করা নয়, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা নয়, নির্বাচনব্যবস্থাকে সুষ্ঠু করে দিয়ে আসা নয়। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, তা যে করেই হোক এবং সেটা যদি বিরোধী দলকে সম্পূর্ণ নির্মূল করে করতে হয় সেটাতে তাদের এতটুকু দ্বিধা নেই এবং তা তারা করে চলেছে।’
এমাজউদ্দীনের বক্তব্য সম্পর্কে ফখরুল বলেন, ‘এক, এটা হচ্ছে তাঁর ব্যক্তিগত মতামত। দুই নম্বর হচ্ছে, যে, এমাজউদ্দীন সাহেব গতকাল আবার একটা রিজয়েন্ডার (প্রতিবাদপত্র) দিয়েছেন। আমার মনে হয়,
আপনারা সেটা পেয়েছেন। তার মধ্যে ব্যাখ্যা আছে।’
বিরোধী দল নির্মূলের নীলনকশা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তারেক রহমানের বিরুদ্ধে সাজা এবং সর্বশেষ ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ির বিষয়ে রায় একসূত্রে গাঁথা।
জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করতে সরকারের আন্তরিকতা নেই এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জঙ্গি ধরার নামে আবারও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন বলেন, ‘খালেদা জিয়া তো সিদ্ধান্ত নিয়েছেনই ২০ দলের মধ্যে ওই দলটিকে আর ওইভাবে রাখার প্রয়োজন নেই। এটা এখন বোঝা, সম্পদ না।’


