গণতান্ত্রিক ও ভাষ্যমতে জনবান্ধব সরকারের আমলে জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য আদালতের দ্বারস্ত হওয়ার মাঝে সরকার বিশেষের কোন কৃতিত্ব ফুটে উঠে না। পাইপবাহী প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে জনস্বার্থহানিকর উল্লেখ করে আদালতে রিট আবেদন করা হয়েছিলো। আদালত সেই রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্যাঞ্চ গ্যাসের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করে নতুন দাম নির্ধারণের বিষয়টি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এমর্মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের উপর রুল জারি করেছেন। আদালতের এই রায়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে। দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা এখন নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। একদিকে ব্যাংক আমানতের সুদ হার ব্যাপকভাবে হ্রাস অন্যদিকে গ্যাস-বিদ্যুৎসহ অপরিহার্য দ্রব্যাদির দাম বৃদ্ধি সাধারণ মানুষকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের এবং শ্রমনির্ভর সাধারণ মানুষ এবং পেনশনার ও সঞ্চয়ের মুনাফা নির্ভর ব্যক্তিদের।
গ্যাস বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই গ্যাসের উপর জনগণের অধিকার সহজাত। এই সহজাত অধিকারকে ক্রমশ উচ্চমূল্যের পণ্যে পরিণত করে মানুষের কাছে দুর্লভ করে তোলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর। এলপি গ্যাস আসে বিদেশ থেকে। এর বাণিজ্য সিন্ডিকেটনির্ভর। পাইপ গ্যাসের দাম বাড়বে এমন অনুমান করে এলপি গ্যাসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। এলপি গ্যাস আমদানিকারকরা একজোট হয়ে যে দাম নির্ধারণ করবেন সেই দামেই মানুষকে কিনতে হবে এই গ্যাস। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ একটি দেশে এমন বৈসাদৃশ্য অবস্থা অচিন্তনীয় হলেও আমাদের দেশে সেই চিত্রপটই আঁকা হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির জন্য যেসব কারণকে সামনে আনা হচ্ছে বিশেষজ্ঞরা সেগুলোকে যথাযথ মনে করছেন না। বলা হয়ে থাকে প্রাকৃতিক গ্যাসের মজুদ সীমিত। এই যুক্তিটি দাম বাড়ানোর পক্ষে জুৎসই নয়। কারণ মজুদ কম তাই বলে বেশি দাম নিয়ে বেশি বেশি মুনাফা করতে হবে? অন্যদিকে দেশে গ্যাসের মজুদ নিয়ে রয়েছে শুভঙ্করের ফাঁক। সুনেত্র গ্যাসফিল্ডের মতো সম্ভাবনাময় ক্ষেত্রটিকে বাণিজ্যিকভাবে লাভবান নয় মর্মে ঘোষণা, টেংরাটিলা গ্যাস ফিল্ডে দুর্ঘটনা ঘটিয়ে এক যুগ যাবৎ পুড়িয়ে পুড়িয়ে গ্যাস নিঃশেষিত করা, মাগুড়ছড়ায় দুর্ঘটনা ঘটিয়ে মজুদ পুড়িয়ে ফেলা কথিত মজুদ সক্ষমতাকে পিছিয়ে দিচ্ছে বলে অভিমত অনেকের। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে এখনও গ্যাস পাওয়ার সম্ভাবনাময় অনেক এলাকা রয়েছে। রয়েছে বিশাল বঙ্গোপসাগরের নীচে মজুদ সমৃদ্ধ গ্যাসভা-ার। সুতরাং মজুদ সীমাবদ্ধ এই যুক্তিটি ধুপে টিকে না।
আসল কথা হলো প্রাকৃতিক সম্পদের উপর জাতীয় নিয়ন্ত্রণ কায়েম এবং পূঁজিবাদী মুনাফাবৃত্তির বাসনাজাত এলপি গ্যাস আমদানি বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা। আমাদের বড় বড় গ্যাসক্ষেত্রগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে। এইসব জায়গায় দেশীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আরোপের জন্য দেশীয় বিশেষজ্ঞরা অনবরত বলে আসছেন। একটি স্বাধীন দেশ হিসেবে নিজের সম্পদকে অন্যের পাহাড়ায় রাখা নিজেদের স্বাধীন সত্ত্বার জায়গাটিকে কালিমালিপ্ত করে। এর মধ্য দিয়ে জাতীয় উন্নয়ন হয় ব্যাপকভাবে বাধাগ্রস্ত। কোন দেশপ্রেমিক সরকার কিংবা জনগণ এরকম অসহনীয় অবস্থার অবসান কামনা করেন। আমরাও এরকমটি চাই। তাই আসুন গ্যাসের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়ানোর পরিবর্তে নিজেদের সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন জাতিসুলভ আচরণে অভ্যস্থ হই। তখন আর কাউকে নিজের অধিকার আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে আদালতে যেতে হবে না।

