ধর্মঘট প্রত্যাহার গাড়ি চালানোর আহ্বান নৌমন্ত্রীর

সু.খবর ডেস্ক
দুই দিন ধর্মঘটের পর সরকারের ‘আশ্বাস পাওয়ার কথা’ জানিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের যানবাহন চলাচল শুরু করার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, ‘এখন থেকে যানবাহন চলাচলের জন্য মালিক ও শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করছি, মালিক ও শ্রমিকরা আমাদের আহ্বানে সাড়া দিয়ে গাড়ি চালানো শুরু করবেন এবং সারাদেশে    যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’
এসময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদ- দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে চুয়াডাঙ্গায় ধর্মঘট শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদ-ের সাজার পর মঙ্গলবার দেশজুড়ে শুরু হয় আকস্মিক ধর্মঘট।
পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘটে রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দেশ। বুধবারও কোনো জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। রাজধানীতে অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিজ দফতরে আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন।
‘ধর্মঘটের’ বৈধতা চ ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে।