গ্যাস বিক্রি বন্ধ/ ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
গ্যাস পাম্পে গ্যাস বিক্রি বন্ধ রাখায় সিনথিয়া সিএনজি ও পেট্রোল পাম্পের সামনের মহাসসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। বুধবার দুপুর ৩টা থেকে প্রায় ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। তবে গ্যাস বিক্রির লিমিট শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখতে হয়েছে বলে জানায় পাম্প কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, সকাল থেকে গ্যাস নিতে লাইনে দাঁড়িয়েছেন তারা। সাড়ে নয়টার দিকে গ্যাস পাম্প বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এক ঘন্টা পর পাম্প খুলে দিবে বলে আশ্বাস দিতে থাকে কর্তৃপক্ষ। দুপুর ২টা পার হয়ে যাওয়ার পরও পাম্প খুলে না দিলে তারা পাম্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এসময় কর্তৃপক্ষ খারাপ আচরণ করে গ্যাস দিবেন না বলে জানান। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এদিকে শ্রমিকরা সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট তৈরি হয় পাম্প এলাকায়। বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। জ্যাম এড়াতে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যে রওয়ানা হন। পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কর্মকর্তার হস্তক্ষেপে দুই ঘন্টার জন্য পাম্প চালুর আশ্বাস দিলে অবরোধ থেকে সরে আসেন শ্রমিকরা।
সিনথিয়া সিএনজি পাম্পের ইঞ্জিনিয়ার বিন্দু তালুকদার বলেন, তিন দিনের পুণ্যস্নান ও শাহ আরেফিনের ওরসের জন্য অনেক আগেই আমাদের গ্যাস বিক্রির লিমিট শেষ হয়ে গেছে। হাজার হাজার বাইরের গাড়ি এসে শহরে ঢুকেছিল। তবুও আমরা পাম্প বন্ধ করিনি। এখন সেই ঘাটতি পুষিয়ে নিতে পাম্প বন্ধ করতে বাধ্য আমরা। কারণ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আমাদের লিমিটের বাইরে গ্যাস বিক্রির অনুমতি দেয় না। সরকারের আইনের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। সরকার লিমিট বাড়ালে আমরা বেশি গ্যাস বিক্রি করতে পারবো।