ঘুর্ণিঝড়ে তছনছ শান্তিগঞ্জের ১৩ বসতঘর

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নে লালুখালী গ্রামে ঘুর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে ১৩ পরিবারের বসত ঘর। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো। সোমবার রাতে ঘুর্ণিঝড়ের তাণ্ডবে বিভীষিকাময় রাত কাটিয়েছেন পরিবারগুলো।
জানা যায়, সোমবার রাত ঘুর্ণিঝড়ের কবলে পড়ে উপজেলার শিমুলবাক ইউনিয়নের লালুখালী গ্রাম। ঘুর্ণিঝড়ে গ্রামের ১৩ পরিবারের বসত ঘর লণ্ডভণ্ড হয়। ক্ষতিগ্রস্থরা হলেন ইউনিয়নের লালুখালী গ্রামের মর্তুজ আলী, আরজ আলী, লুৎফুর রহমান, আহমেদ আলী, আজমল হোসেন, আকবর হোসেন, সাইফুল ইসলাম, আছাদ মিয়া, বাছন মিয়া, সুজন মিয়া, আবদুর রউফ, আবদুল ওদুদ, আবদুল বাছির ও রকিব মিয়া।
ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করেই ঝড়ের সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু হলে পরিবারের লোকজন নিয়ে পাশের হাটিতে আশ্রয় নেন তারা। এসময় ১৩ টি বসতঘর উড়িয়ে নিয়ে যায়।
শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন নিজের অসুস্থতার কথা জানিয়ে বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছি। কথা বলেছি। আগামী কাল (আজ) ক্ষতিগ্রস্ত সকলকে শুকনো খাবার দেবো। ইউএনও সাহেবকে ঘটনা জানানো হয়েছে। আগামী সপ্তাহে তাদের কিছু টিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান বলেন, বিষয়টি আমি জানি। ক্ষতিগ্রস্তদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি। আগামী সপ্তাহে জেলা দুর্যোগ অধিদপ্তর থেকে তাদেরকে কিছু টিন দেওয়া হবে।