স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকায় প্রধান রাস্তায় জোর করে অবৈধভাবে বালু-পাথর মওজুদ করে ব্যবসা করার অভিযোগ উঠেছে।
এঘটনার প্রতিকার চেয়ে পৌরসভার মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন রাস্তার পাশের বাসিন্দা মিল্টন বর্মণ। বুধবার পৌর মেয়রের কাছে এই অভিযোগ করেন তিনি।
মিল্টন বর্মণের অভিযোগ সঠিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত সুপারিশ করেছেন ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর সুজাতা রায়।
অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার একজন প্রভাবশালী লোক পৌরসভার প্রধান রাস্তার উপরে অবৈধভাবে বালু-পাথর মওজুদ করে ব্যবসা করছেন। যার কারণে এই রাস্তা দিয়ে চলাফেরা ও রাস্তার শেষ প্রান্তে পৌরসভার টিউবওয়েল এবং নদী থেকে পানি আনতে গিয়ে অসুবিধার সন্মুখীন হচ্ছেন পাড়ার লোকজন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রভাবশালী ওই বালু-পাথর ব্যবসায়ী তার বাসার দেওয়াল গেঁষে বালু-পাথর মওজুদ করার কারণে যে কোন সময় বাসার দেওয়াল ধসে পড়তে পারে। রাস্তার উপর থেকে বালু-পাথর সরানোর জন্য ওই ব্যবসায়ীকে
বার বার মৌখিকভাবে অনুরোধ করলেও তিনি কর্নপাত করেননি।
এ ব্যাপারে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল বলেন,‘ রাস্তায় বালু-পাথর রেখে ব্যবসা করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে।’


