জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে দুই নেতার বাকবিতন্ডায় ভেস্তে গেল সভা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর উদ্যোগে জগন্নাথপুরের হাওররক্ষায় নদী খননের দাবীতে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভার আয়োজন করে। বিকেল তিনটার দিকে সভাস্থলে মাইক এনে আয়োজনের প্রস্তুুতিকালে পৌর কৃর্তপক্ষের অনুমতি নিয়ে সভা করার জন্য জগন্নাথপুর পৌর প্যানেল চেয়ারম্যান শফিকুল হক আয়োজকদের প্রধান সিলেট ইয়ুথ ফ্রন্ট এর সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরুকে বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হলে ভেস্তে যায় পথসভা।
বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরু জানান, জগন্নাথপুরের ফসল রক্ষা করতে হলে দিরাই উপজেলার খাজুয়া (দল) নদী খনন করা খুবই প্রয়োজন এ নদী খনন করা না হলে হাওরের ফসলরক্ষা কিংবা বন্যা রোধ করা যাবেনা। এ দাবীতে পথসভার আয়োজন করা হয়। কিন্তু পৌর প্যানেল মেয়র শফিকুল হক অন্যায়ভাবে বাধা প্রদান করায় সভা করতে পারিনি।
তিনি বলেন, স্থানীয় পৌর মেয়র আবদুল মনাফের মৌখিক অনুমতি নিয়েই পথসভার আয়োজন করেছিলাম।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা শফিকুল হক জানান, আমি শুধু উনাকে পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সভা করার জন্য বলেছি। এতে তিনি খেপে যান।


