চরনারচর বাজারে খাস জমিসহ মন্দিরের ভূমি দখলের চেষ্টা

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চরনারচর বাজারে অবৈধভাবে খাস জমি দখলের প্রতিযোগিতা চলছে। সরকারী খাস ভুমিতে নির্মিত কালী মন্দিরের জায়গাও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি খেকোরা।
চরনারচর বাজারে প্রায় দেড়শত দোকান ঘর রয়েছে। এর মধ্যে ৮/১০টি ঘর ছাড়া সবগুলো ঘরই সরকারের খাস জমিতে নির্মিত। এই খাস জমিতে চলছে দখল ও ক্রয়-বিক্রয়ের প্রতিযোগিতা। বৃহস্পতিবার চরনারচ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণবের নেতৃত্বে তার লোকজন কালী মন্দিরের সামনে সরকারের খাস ভূমিতে দোকান ঘর নির্মাণের লক্ষ্যে পাকা খুঁটি স্থাপন করলে এ নিয়ে বাজার কমিটি ও এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা  নানু চক্রবর্তী সরেজিমনে মন্দিরের সামনে সরকারি খাস জমিতে ঘর নির্মাণে নিষেধ প্রদান করেন। স্থানীয়রা জানান, নিষেধ উপেক্ষা করে জয়কুমার বৈষ্ণবের লোকজন শনিবার ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।
তবে সাবেক ইউপি চেয়ারম্যান জয় কুমার বৈষ্ণব জানান, এখানে ২০-২৫ বছর যাবৎ টং দোকান ছিল, এটা মন্দিরের জায়গা নয়। সরকারি খাস ভূমিতে ঘর নির্মাণের লক্ষ্যে পাকা খুটি স্থাপন করছিলেন, ভুমি কর্মকর্তা নিষেধ দেয়ার পর ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন তিনি।
বাজার পরিচালনা কমিটির সভাপতি অধীর রায় বলেন,‘বাজারে সরকারের খাস ভূমিতে কালী মন্দিরের সামনে পাকা খুঁটি স্থাপন করতে দেখে কমিটির লোজনসহ স্থানীয়দের নিয়ে প্রাক্তন চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণবের বাড়িতে যাই। মন্দিরের সামনের খাস জায়গায় ঘর না বানানোর জন্য তাকে অনুরোধ জানিয়ে আসি।’  স্থানীয় ইউপি সদস্য চিত্তরঞ্জন সুত্রধর বলেন,‘পূর্বে মন্দিরের সামনের খাস জায়গায় কোন টং ছিল কি না আমার জানা নেই। তবে পূজার জায়গা হিসেবে খালি থাকত।  সার্বজনীনভাবে এ জায়গা কালী মন্দিরের হিসেবেই ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীর সিদ্ধান্তে আমরা কালী মন্দিরের জায়গায় স্থায়ীভাবে ঘর নির্মাণ না করার দাবি জানাই।
সহকারি ভূমি কর্মকর্তা নানু চক্রবর্তী বলেন,‘স্যারের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার ভূমি ও ইউএনও তৌহিদুজ্জামান পাবেল) নির্দেশক্রমে চরনারচর বাজারে সরেজমিন উপস্থিত হই। তখন মন্দির সংলগ্ন সরকারের খাস জায়গায় ঘর নির্মাণের লক্ষ্যে পাকা খুটি স্থাপন করছিলেন জয় কুমার বৈষ্ণব ও তার লোকজন। আমি তাদেরকে নিষেধ করে আসি। বর্তমানে ওই জায়গায় ঘর নির্মাণ বন্ধ আছে।’