ভবানীপুর-জয়পুর ফসল রক্ষা বাঁধ কেটেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ভবানীপুর-জয়পুর পর্যন্ত ফসল রক্ষা বেড়ি বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার এলাকাবাসীর পক্ষে দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য শাহাব উদ্দিন ও সাবেক ইউপি সদস্য অঞ্জন তালুকদারসহ শতাধিক ব্যক্তির স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তাহিরপুর থানায় দাখিল করা হয়েছে।
অভিযোগে কৃষকরা উল্লেখ করেছেন, বাঁধের   
পাশ্ববর্তী কাউয়ার খাল নামক জলাশয়ে মাছ ধরার সুবিধার্থে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে নয়াগাঙ নামক স্থানের বাঁধ কেটে দিয়েছে। অভিযোগে বর্ণিত দৃর্বৃত্তরা হলো, ইদু মিয়া, আব্দুল বাতেন, বজলু মিয়া, পরিতোষ ও জনিক দাস।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’