চাই অর্থমন্ত্রীর বক্তব্যের সফল বাস্তবায়ন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সোনালী ব্যাংকের বহু টাকা লুট হয়েছে। আর অনিয়মের কারণে বেসিক ব্যাংকও অনেক বিপদে আছে। এই দুই ব্যাংকের সংস্কার প্রয়োজন এবং সে ব্যবস্থা হচ্ছে। এসব দুষ্কর্মে যারা লিপ্ত ছিল, সরকার তাদের শাস্তি দিচ্ছে প্রভাব-প্রতিপত্তি নির্বিশেষে। তারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন বা পরিচালনা পর্ষদের কেউ হন-তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রীর এসব বক্তব্যে আমরা আপাতত আশান্বিত বোধ করছি।
গত কয়েক বছরে বিভিন্ন ব্যাংকে, বিশেষ করে সরকারি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। লুটপাটের ফলে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দিয়েছে। আর সরকারকে এসব ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের জন্য বিপুল অঙ্কের টাকা দিতে হয়েছে। এসবই জনগণের টাকা। লুটপাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দৈনন্দিন কর্মকা- অব্যাহত রাখতে জনগণের করের টাকাই ব্যাংকগুলোকে দিতে হয়েছে। লুটপাট বন্ধ এবং লুটতরাজে জড়িতদের যথাযথ শাস্তি দেওয়া হলে না হয় একটা সান্তনা খুঁজে পাওয়া যেত। ব্যাংকিং সেক্টরে অনেক বড় বড় লুটপাটের ঘটনা ঘটেছে। কেউ কেউ যে গ্রেফতার হয়নি তা নয়, কিন্তু লুটপাটে জড়িত রাঘব-বোয়ালদের কেউ ধরা পড়েছে, এমন নজির আমাদের সামনে নেই। ব্যাংকের টাকা লুটপাটের সঙ্গে অত্যন্ত ক্ষমতাধর এক বা একাধিক চক্র জড়িত থাকে। দেখা গেছে, জড়িতদের মধ্যে দু-চারজন ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হলেও নেপথ্যের সকল কুশীলব অধরা থেকে গেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কেউ কেউ গ্রেফতার হয়েছে, এমন নজির থাকলেও কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের কাউকে গ্রেফতারের কথা আমাদের জানা নেই। অথচ বড় বড় সকল ঋণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। এমন কথাও ব্যাংকপাড়ায় প্রচলিত আছে যে পরিচালনা পর্ষদের চাপেই অনেক ঋণ প্রস্তাব পর্ষদে উপস্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রীকে অতীতে বহুবারই বলতে শোনা গেছে, ব্যাংকের টাকা লুটতরাজের সঙ্গে জড়িতরা ক্ষমতাধর, তাদের ধরাছোঁয়ার মধ্যে আনা সহজ কাজ নয়। অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্যের মধ্যে একধরনের অসহায়ত্ব ফুটে ওঠে। তবুও সান্তনা যে, এবারই প্রথম তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে প্রভাব-প্রতিপত্তি নির্বিশেষে সবাইকে কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছেন। বর্তমান অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ব্যক্তি, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি এরশাদ সরকারের আমলে একবার অর্থমন্ত্রী ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় এবং বর্তমান দফার অর্থমন্ত্রী। তার সঞ্চয়ে বিপুল অভিজ্ঞতা রয়েছে। তিনি নিজেও বিষয়টি কখনও কখনও উল্লেখ করেছেন। আমরাও মনে করি, অর্থনীতির প্রশাসনিক ক্ষেত্রে তার তুল্য অভিজ্ঞতা খুব বেশি মানুষের নেই। কিন্তু তাঁর এই বিপুল অভিজ্ঞতার ভান্ডার আর্থিক প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতটুকু ব্যবহূত হচ্ছে, সেটা সবাই দেখছেন। আমরা অর্থমন্ত্রীর অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের আর্থিক খাতকে উজ্জ্বলতর দেখতে চাই। আর্থিক খাতে সুশাসন দেখতে চাই। আমরা আশা করি, অর্থমন্ত্রী তার দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতার আলোকে আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবেন। এজন্য লুটেরাদের শাস্তি নিশ্চিত করবেন। প্রভাব-প্রতিপত্তি নির্বিশেষে নেপথ্যের কুশীলবসহ লুটপাটকারী সবাইকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের স্বস্তি ফিরিয়ে দেবেন।