শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে মন্তব্য করছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। তিনি বলেন, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ দ্রæততম সময়ের মধ্যে সদরপুর ব্রীজের নকশা প্রণয়ন থেকে সকল কিছু বাস্তবায়ন করেছেন। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সদরপুরের ব্রীজ আমাদের জীবনের একটি অংশ। আগামীতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ককে চাল লেনে উন্নীত করা হবে। যাতে দ্রæত সুনামগঞ্জের মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।
শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে ৫১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন সদরপুর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু মানুষ আছে যারা দেশে গণতন্ত্র নেই, উন্নয়ন নেই, মানবাধিকার নেই বলে সময় নষ্ট করছে। এসব না করে দেশে আরও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা দরকার। আমরা হাওরের মানুষ। পানির নিচে হাবুডুবু করে ধান কাটি। আমাদের দুঃসময়ে কে আমাদের দেখেন, বড় বড় সাহেবরা আমাদের দেখেন না, শেখ হাসিনা খবর নেন। সুনামগঞ্জের মানুষকে শেখ হাসিনা ভালবাসেন।
তিনি বলেন, আমি সুনামগঞ্জের সন্তান। সুনামগঞ্জবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। আমি আমৃত্যু এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যেতে চাই।
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো. ফজলে রাব্বি, তত্তাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল সিলেট) উৎপল সামন্ত, পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিকল্পনামন্ত্রীর পুত্র সমাজকর্মী সাদত মান্নান অভি, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।


